পন্টিংয়ের সেদিনের প্রশংসা মন ছুঁয়ে গেছে মোস্তাফিজের
দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই মাত করেছিলেন মোস্তাফিজুর রহমান। দলটির হয়ে অভিষেকে ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। সেদিন তাদের দল হারলেও ম্যাচ শেষে কোচ রিকি পন্টিং প্রশংসায় ভাসিয়েছিলেন মোস্তাফিজকে, দলীয়ভাবে সেদিনের সেরার স্বীকৃতি দিয়েছিলেন তাকে। পন্টিংয়ের কাছ থেকে পাওয়া সেই প্রশংসা মন ছুঁয়ে গেছে বাংলাদেশের পেসারের।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে দিল্লিতে যোগ দিয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। প্রতি ম্যাচেই রান দিয়েছেন বেশ কম। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২৩ রানে নেন ৩ উইকেট। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে উইকেট না পেলেও রান দেন কেবল ২৬। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার ৪ ওভার থেকে খসেছে কেবল ২১ রান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লির পোস্ট করা এক ভিডিওতে পন্টিংয়ের সেই প্রশংসার কথা মনে করলেন মোস্তাফিজ, 'এটা কেবল আমার জন্যই নয়, দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই প্রেরণাদায়ক (পন্টিংয়ের ম্যাচ শেষে দেওয়া বাহবা) । ম্যাচ জিতি বা হারি, ভালো পারফরম্যান্সের জন্য দলের সবার সামনে কোচের প্রশংসা দারুণ ব্যাপার। আমার মনে হয়, এটা আমাদের কোচের সুন্দর একটা দিক।'
| In conversation with @Mustafiz90 about his experience with the DC family, the squad & the time he was picked by Delhi at the auctions
— Delhi Capitals (@DelhiCapitals) April 12, 2022
Send your messages for the Fizz #YehHaiNayiDilli | #CapitalsUnplugged | #KKRvDC | @TajMahalMumbai #DelhiCapitals | #OctaRoarsForDC pic.twitter.com/O4KkLi0e5H
এর আগে আলাদা তিন দলের হয়ে আইপিএল খেলেছেন মোস্তাফিজ। এবার নিলামে তাকে দলে নেয় দিল্লি। নিলামের সময় ব্যস্ত ছিলেন বিপিএলের ম্যাচে। এক সতীর্থের কাছ থেকে পাওয়া খবরে জানতে পারেন দিল্লির কথা। নতুন দল হওয়ায় রোমাঞ্চ স্পর্শ করে যায় এই বাঁহাতি পেসারকে।
নতুন দল হলেও পুরনো কাউকে কাউকে পাচ্ছেন তিনি। আগের আসরে রাজস্থান রয়্যালসে তার সঙ্গী চেতন সাকারিয়া এবার আছেন দিল্লিতে। সানরাইজার্স হায়দরাবাদে তার উত্থান পর্বে অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনিও এবার দিল্লিতে। মোস্তাফিজকে নিয়ে খুনসুটিতে মাতছেন প্রায়ই। সব মিলিয়ে দলের পরিবেশ, দলীয় শক্তি বেশ ইতিবাচক লাগছে মোস্তাফিজের, 'এখানে অনেকের সঙ্গে খেলাধুলা করেছি। একসঙ্গে না খেললেও আলাদা দলে ছিল। গত মৌসুমে ছিলাম (রাজস্থানে) চেতন সাকারিয়া ছিল। ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে খুব ভাল। আমরা দুইটা জিতেছি, দুইটা হেরেছি। আমাদের এমনিতে ভারসাম্য খুব ভাল। ব্যাটিং বলেন, বোলিং বলেন ভাল ভাল খেলোয়াড় আমাদের আছে।'