পরিবারের সদস্যের করোনা, দিল্লির ম্যাচে থাকবেন না পন্টিং
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে ফের ছড়িয়েছে করোনাভাইরাস আতঙ্ক। প্রধান কোচ রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্যের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। ফলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরের ৩৪তম ম্যাচে থাকতে পারবেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক এই তারকা।
শুক্রবার আইপিএলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে রিশভ পান্ত-মোস্তাফিজুর রহমানের দিল্লি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই ম্যাচে পন্টিংকে পাবে না দিল্লি।
পন্টিংয়ের পরিবারের এক সদস্য দিল্লির টিম হোটেলে তার সঙ্গে ছিলেন। সেই সদস্যের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সেকারণে পন্টিংকে দিল্লির স্কোয়াড থেকে আলাদা করে দেওয়া হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার ফল নেগেটিভ এলেও কোনো ঝুঁকি নিতে চায়নি দিল্লি কর্তৃপক্ষ। তাই পন্টিংকে স্বল্পমেয়াদী কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
খেলোয়াড়-স্টাফ মিলিয়ে দিল্লি দলের করোনা আক্রান্ত সদস্যের সংখ্যা মোট ছয়। গত ১৫ এপ্রিল দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্টের করোনা ধরা পড়ে। পরদিন স্টাফ চেতন কুমারের শরীরে এই ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত হয়। গত সোমবার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শের পাশাপাশি দলটির চিকিৎসক অভিজিত সালভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম টিমের আকাশ মানের পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর গত বুধবার ফ্র্যাঞ্চাইজিটির আরেক বিদেশি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।
আইপিএলের নিয়ম অনুসারে, কোনো ফ্র্যাঞ্চাইজির কমপক্ষে ১২ ক্রিকেটার করোনাভাইরাসমুক্ত থাকলে সেই দল ম্যাচ খেলতে পারবে। সেজন্য একাদশে অন্তত সাত ভারতীয় খেলোয়াড় থাকতে হবে। তবে নির্ধারিত দিনে খেলা সম্ভব না হলে পরিবর্তিত সূচিতে আয়োজনের সুযোগ রেখেছে আয়োজকরা।
গত বছর অংশগ্রহণকারী দলগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল মাঝপথে স্থগিত করা হয়েছিল। পরে ভারত থেকে সরিয়ে কয়েক মাস পর সংযুক্ত আরব আমিরাতে হয় আসরের বাকি অংশ।