পর্তুগালে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিসবন সিক্সার্স

মো. রাসেল আহম্মেদ

পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে লিসবন সিক্সার্স চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ দূতাবাস আয়োজিত নক-আউট ভিত্তিক টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের ২০টি দল অংশ নেয়।

মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনের জামুর স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শিরোপা জিতে নেয় লিসবন সিক্সার্স। প্রথমে ব্যাট করে তারা তোলে ২১৯ রান। জবাবে ইয়াং টাইগার্স ১০০ রানে অলআউট হয়ে হেরে যায় ১১৯ রানের বড় ব্যবধানে।

বিজয়ী দলের জাকির হোসেন ব্যাট হাতে ৬৫ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে এবং জাতির পিতার কর্ম ও আদর্শকে বিশ্বব্যাপী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দূতাবাসের এই আয়োজন।

বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে বিদেশের মাটিতে এরকম ক্রীড়া প্রতিযোগিতা প্রবাসীদের মধ্যে আনন্দের উপলক্ষ বয়ে এনেছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ছাড়াও পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী এবং সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ খেলা উপভোগ করেন।