পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব
আগের দিন সোমবার দল ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। অর্থাৎ তাকে নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কাই নিল বাস্তব রূপ। প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার।
মঙ্গলবার বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্টে খেলছেন না সাকিব। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটি বিশাল ধাক্কা।
কেবল প্রথম টেস্টে নয়, সিরিজের দ্বিতীয় টেস্টেও সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। ফিজিওর রিপোর্ট পাওয়ার পর তার খেলা-না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মিনহাজুল বলেছেন, 'প্রথম টেস্টে সাকিব খেলছে না। এটা নিশ্চিত। কারণ এখনও চোট থেকে ও সেরে ওঠেনি। রাতে ফিজিওর রিপোর্ট পাওয়ার পর ওর দ্বিতীয় টেস্টে খেলার ব্যাপারে পরিকল্পনা করতে হবে।'
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। সেকারণে আসরটি থেকে ছিটকে যান তিনি। ফলে সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। ওই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও মাঠের বাইরে ছিলেন তিনি।
সাকিবের বদলি হিসেবে এখনই কাউকে নেওয়া হচ্ছে না। গত জুলাইতে জিম্বাবুয়ে সফরে সবশেষ টেস্ট খেলা বাংলাদেশ দল থেকে চোটের কারণে ইতোমধ্যে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তামিম ইকবাল ও শরিফুল ইসলাম।