পাকিস্তানের শ্রীলঙ্কা সফর থেকে বাদ গেল ওয়ানডে সিরিজ
ভবিষ্যৎ সফরসূচি অনুসারে, আগামী জুলাইতে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল পাকিস্তানের। তবে ওয়ানডে সিরিজটি বাদ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত নয়।
পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ওয়ানডে সিরিজটি বাদ দেওয়ায় কেবল দুটি টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই দল।
সোমবার ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে এসএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা বলেছেন, 'ওয়ানডে ম্যাচগুলো সুপার লিগের অংশ হিসেবে বিবেচিত হতো না। তাই আমরা সেগুলো না খেলার সিদ্ধান্ত নিয়েছি।'
মূলত ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার ভাবনা থেকে শুধু টেস্ট সিরিজ খেলার পক্ষে রায় দিয়েছে এসএলসি। জুনে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। এরপর অগাস্টে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। পরের মাসেই বসবে এশিয়া কাপ। আর বছরের শেষদিকে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ লঙ্কান খেলোয়াড়দের থাকতে হবে টানা খেলার মধ্যে।
২০১৯ সালে শেষবার টেস্টে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২০০৯ সালে লাহোরে সফরকারী লঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার পর ওই সিরিজ দিয়ে এক দশক পর টেস্ট ফিরেছিল পাকিস্তানের মাটিতে। দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
দুই টেস্টের সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। আগামী ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ২৩ মে।