'পাকিস্তান কেন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতের পিছনে ছুটবে?'
এক দশক ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। কারণ হলো দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান রাজনৈতিক বৈরিতা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসি ইভেন্টের বাইরে ভারতের সঙ্গে খেলার আগ্রহ দেখিয়েছে নানা সময়ে। তবে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।
বিসিসিআই বরাবরই বলে আসছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন রয়েছে তাদের। যেহেতু সেটা পাওয়া যায়নি, তাই ২০১২-১৩ মৌসুমের পর আর এই দুই দল আইসিসি ইভেন্টের বাইরে পরস্পরের মুখোমুখি হয়নি। শেষবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে গিয়ে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
গত বছরের সেপ্টেম্বরে রমিজ রাজা পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে এই পদে আসীন ছিলেন এহসান মানি। তিনি দাবি করেছেন, তার মেয়াদে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট ফের চালু করার জন্য কখনোই বিসিসিআইয়ের পিছু পিছু ঘোরেননি। বরং তিনি তার অবস্থানে সবসময় দৃঢ় ছিলেন যে প্রথম পদক্ষেপটি ভারতকেই নিতে হবে।
নিজ দেশের গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে প্রাক্তন পিসিবি প্রধান মানি বলেছেন, 'আমি সবসময়ই এটা পরিষ্কার করে বলেছি যে যদি তারা খেলতে চায়, তাহলে তাদেরকে পাকিস্তানে এসে খেলতে হবে। আমি কখনও না বলিনি। কিন্তু আমি সবসময় আমাদের অখণ্ডতা ও সম্মানের বিষয়টি মেনে চলেছি। আমরা কেন ভারতের পিছনে ছুটব? আমদের উচিতও না। যখন তারা তৈরি হবে, কেবল তখনই আমরা তৈরি হব।'
পাকিস্তান ও ভারতসহ চারটি দলকে নিয়ে প্রতি বছর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিলেন বর্তমান পিসিবি প্রধান রমিজ। তবে তার প্রস্তাব আলোর মুখ দেখেনি। গত মাসে দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যাত হয় সেটা। এই ধরনের প্রতিযোগিতাকে আইসিসির বার্ষিক সূচিতে স্থান দেওয়া যাবে না বলে মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তান ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় স্থাপনের বিষয়ে সরব অবস্থান রমিজের। অস্ট্রেলিয়ায় চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তি। সেই ম্যাচের টিকিট দ্রুততম সময়ে বিক্রি হওয়ার রেকর্ড গড়েছে। এর পরপরই সাবেক ক্রিকেটার রমিজ আইসিসি ইভেন্টের বাইরে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আহ্বান জানান।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে রমিজ সেসময় বলেছিলেন, 'যখনই আমি এই বিষয়ে কথা বলি, আমি সবসময় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে বলি না। তখন আমার ভেতরের ক্রিকেটারই বেরিয়ে আসে। আর একজন ক্রিকেটার হিসেবে আমি বলব যে রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত। কারণ ভক্তরা কেন (দুই দেশের মধ্যকার ম্যাচ) উপভোগ করতে পারবেন না?'