প্রথমবার নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার সাউদি

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের বেশি সময় পার করে দিয়েছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের হয়ে তার অর্জনের ঝুলি দারুণ সমৃদ্ধ। তবে কাঙ্ক্ষিত একটি পুরস্কার এতদিন ছিল এই ডানহাতি অভিজ্ঞ পেসারের অধরা। অবশেষে সেটা মিলেছে। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার 'স্যার রিচার্ড হ্যাডলি মেডেল' জিতেছেন সাউদি।

নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের তিনদিনব্যাপী আয়োজনের শেষদিনে বৃহস্পতিবার ঘোষণা করা হয় ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারের নাম। প্রথম শ্রেণির ক্রিকেটে বোলিংয়ের সম্মাননা হিসেবে উইনসর কাপও জিতেছেন সাউদি।

২০২১-২২ মৌসুমে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ২৩.৮৮ গড়ে ৩৬ উইকেট নেন ৩৩ বছর বয়সী সাউদি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরে কিউইদের শিরোপা জেতাতে ভারতের বিপক্ষে ফাইনালে ৫ উইকেট দখল করেছিলেন তিনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

পুরস্কার পেয়ে গর্বিত সাউদি বলেছেন, 'আমি মনে করি, আমরা যেভাবে একটি দল হিসেবে একসঙ্গে কাজ করেছি এবং দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলেছি, সেটার প্রতিফলন পড়েছে এখানে (বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায়)।'

কিংবদন্তি অলরাউন্ডার স্যার হ্যাডলি অভিনন্দন জানিয়েছেন সাউদিকে, 'তুমি যা অর্জন করেছ সেটার জন্য তোমাকে অভিনন্দন জানাই টিম। কোনো সন্দেহ নেই যে নিউজিল্যান্ড ক্রিকেট এবং এই খেলাটিকে দেওয়ার জন্য তোমার সামনে আরও কয়েক বছর সময় আছে।'

নিউজিল্যান্ডের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন ডেভন কনওয়ে। ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন উইল ইয়াং। এই সংস্করণে মেয়েদের বিভাগে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে অ্যামিলিয়া কার। নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের প্রথম দিনে টি-টোয়েন্টিতে বর্ষসেরা হন যথাক্রমে ট্রেন্ট বোল্ট (ছেলেদের বিভাগে) ও সোফি ডিভাইন (মেয়েদের বিভাগে)।