বাংলাদেশকে ধসিয়ে দেওয়া মহারাজ-হার্মার মাস সেরার তালিকায়
বাঁহাতি স্পিনে কেশব মহারাজ, আর ডানহাতি অফ স্পিনে সাইমন হার্মার মিলে মুমিনুল হকদের দিয়েছিলেন চরম দুঃসময়। গত মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের ৪০ উইকেটের ২৯টিই নিয়েছিলেন এই দুই স্পিনার। এমন পারফরম্যান্সের পুরস্কার পেতে চলেছেন তারা।
এপ্রিল মাসের আইসিসির সেরা তিন ক্রিকেটারের তালিকায় আছেন মহারাজ ও হার্মার। মঙ্গলবার প্রকাশিত তালিকায় এই দুজনের সঙ্গে আছেন ওমানের জতিন্দর সিং। মাস সেরা নারী ক্রিকেটাররের তালিকায় আছেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো এলিসা হিলি, ইংল্যান্ডের ন্যাট স্কেইবার ও উগান্ডার জানেত এমবাবাজি।
সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হার্মার ১৫.১৫ গড়ে দুই টেস্টে নেন ১৩ উইকেট।
মহারাজ ছিলেন আরও দুর্বার। মাত্র ১২.১২ গড়ে এই বাঁহাতির পকেটে যায় ১৬ উইকেট। দুই টেস্টেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস একশোর নিচে আটকে দলকে বড় জয় এনে দেন তারা।
ওমানের জতিন্দর আইসিসির বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টে ৪ ওয়ানডে ২৫৯ রান করে জায়গা করে নিয়েছেন মাস সেরা হওয়ার লড়াইয়ে।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া তিনজনকে থেকে সেরা বাছাই করতে এখন চলবে ভোটিং প্রক্রিয়া। আইসিসির ভোটিং একাডেমি ও ভক্তদের ভোট দেওয়ার সুযোগ থাকবে। আইসিসির ভোটিং একাডেমিতে সাধারণ খ্যাতিমান সাংবাদিক, সাবেক ক্রিকেটার, ব্রডকাস্টার ও আইসিসি হল অফ ফেইমের সদস্যরা থাকেন। ই-মেইলের মাধ্যেম ভোটের ৯০ শতাংসই আসে এই ভোটিং একাডেমি থেকে। বাকি ১০ শতাংস ছেড়ে দেওয়া হয় ভক্তদের কাছে। আইসিসির সাইটে দিয়ে নিবন্ধন করে যেকেউ বেছে নিতে পারেন মাস সেরা ক্রিকেটার।