বাংলাদেশের প্রথম ওয়ানডের তারকা সামিউরের প্রয়াণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও পরবর্তীতে ম্যাচ রেফারি সামিউর রহমান সামি আর নেই। রাজধানীর একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ৬৮ বছর বয়েসে মারা গেছেন সাবেক এই তারকা।

আশির দশকে বাংলাদেশ দলে খেলা এই সাবেক পেসার বেশ কিছুদিন ধরেই আক্রান্ত ছিলেন ব্রেন টিউমারে। সম্প্রতি শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ভর্তি করা হয় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে। তার পুত্র রেজাউর রহমান রোহান জানান, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে সামিউরের।

মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাট করতেন সামিউর। ১৯৮২ সালে আইসিসি ট্রফির বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। সেই আসরে পেয়েছিলেন ৭ উইকেট। ১৯৮২ সালের আসরেও খেলেছেন।  ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের একাদশে ছিলেন এই পেসার। সেবার এশিয়া কাপে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ। 

তার সহোদর ইউসুফ রহমান বাবু, যিনি ইউসুফ বাবু হিসেবে দেশের ক্রিকেটে পরিচিত। দুই ভাই একসঙ্গে খেলেছেন বাংলাদেশ দলে। আন্তর্জাতিক ক্যারিয়ার বড় না হলেও ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে দেশের ক্রিকেটে অবদান রেখেছেন তারা।

খেলা ছাড়ার পরও ক্রিকেটের সঙ্গে ছিলেন সামিউর। ম্যাচ রেফারি হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে। 

প্রথম শ্রেণী ও লিস্ট এ, টি-টোয়েন্টি মিলিয়ে ১১১টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। শরীরে রোগ বাসা বাঁধায় ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন ক্রিকেটের জগত থেকে। ব্রেন টিউমারের সঙ্গে দেখা দেয় স্মৃতিভ্রষ্টতা। এবার তিনি পাড়ি দিলেন অন্তিমে।

গুণী এই ক্রিকেট ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাৎক্ষণিকভাবে কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে তার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।