বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক হ্যাটট্রিক করা এলিস আইপিএলে
ন্যাথান এলিসের সময়টা নিঃসন্দেহে কাটছে স্বপ্নের মতো! আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই তিনি ডাক পেয়েছেন আইপিএলে।
অজিদের সবশেষ বাংলাদেশ সফরে বল হাতে নজর কাড়েন ডানহাতি পেসার এলিস। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার। ওই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ঠাইঁ নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে হ্যাটট্রিকের নজির নেই আর কোনো ক্রিকেটারের।
শুক্রবার ক্রিকেট ডট কম ডট এইউ জানিয়েছে, ২৬ বছর বয়সী এলিসকে পেতে আগ্রহী ছিল আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে একটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তিনি। যদিও সেই ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করা হয়নি।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তাসমানিয়ার মূল দলে ঢুকে নজর কাড়েন এলিস। ইতোমধ্যে টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে নিজেকে অন্যতম সেরা ডেথ বোলার হিসেবে হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' ক্রিকেটেও তার পারফরম্যান্স মুগ্ধতা ছড়িয়েছে। অথচ পেসার হওয়ার মতো যথেষ্ট উচ্চতা তার নেই, এমন মন্তব্য শৈশব-কৈশোরে তাকে শুনতে হয়েছে।
আইপিএলে খেলতে হলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুমতি লাগবে এলিসের। সেটা যে কেবলই আনুষ্ঠানিকতা, তা আর আলাদা করে না বললেও চলে। আগামী কয়েক দিনের মধ্যেই আইপিএলের স্থগিত হওয়া অংশের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
গত এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএলের ১৪তম আসর। তবে করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। পরিবর্তিত সূচিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে আইপিএলের বাকিটা।
আইপিএলের সবশেষ নিলামে গত জানুয়ারিতে অবিক্রিত ছিলেন এলিস। এবার বদলি হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসরে সুযোগ মিলল তার। কারণ, বেশ কিছু ক্রিকেটার আইপিএলের বাকি অংশে খেলতে অসম্মতি জানিয়েছেন।
ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো অস্ট্রেলিয়ান তারকারা আইপিএলে নিজ নিজ দলে ফিরবেন। ক্রিকেট ডট কম ডট এইউ জানিয়েছে, জস হ্যাজেলউডও অংশ নেওয়ার খুব কাছে। তবে প্যাট কামিন্স, কেইন রিচার্ডসন, জাই রিচার্ডসন ও রাইলি মেরেডিথকে বাকি অংশে দেখার সম্ভাবনা খুব ক্ষীণ।