বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে প্রধান কোচ পেল শ্রীলঙ্কা
গত বছরের শেষদিকে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান মিকি আর্থার। এই দক্ষিণ আফ্রিকানের বিদায়ের পর এতদিন শূন্য ছিল পদটি। অবশেষে সেটা পূরণ হলো। ইংল্যান্ডের সাবেক কোচ ক্রিস সিলভারউডকে নতুন প্রধান কোচের দায়িত্ব দিয়েছে লঙ্কানরা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। দুই বছরের জন্য সিলভারউডকে নিয়োগ দিয়েছে তারা।
নতুন ঠিকানায় সিলভারউডের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশের বিপক্ষে। আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে টাইগারদের ডেরায় উড়ে যাবে তারা।
সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিলভারউড বলেছেন, 'শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। কলম্বোতে (শ্রীলঙ্কার রাজধানী) যাওয়ার ও কাজ শুরু করার জন্য আমার আর তর সইছে না।'
৪৭ বছর বয়সী এই ইংলিশ কোচ যোগ করেছেন, 'তাদের এক দল প্রতিভাবান ও ক্রিকেটের প্রতি উন্মুখ খেলোয়াড় রয়েছে। খুব শিগগিরই খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি আমি।'
২০১৯ সালের অক্টোবরে ইংল্যান্ডের প্রধান কোচের পদে আসীন হয়েছিলেন সিলভারউড। এই দায়িত্বে তিনি ছিলেন প্রায় আড়াই বছর। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি।