বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৪ বলে স্টোকসের সেঞ্চুরি, ১৭ ছক্কা

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার মাঠে নেমেই বিস্ফোরক ইনিংস খেললেন বেন স্টোকস। প্রথম শ্রেণির আসর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে ছক্কা বৃষ্টি ঝরিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি গড়লেন রেকর্ড।

শুক্রবার উস্টারে স্বাগতিক উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে স্টোকস তিন অঙ্কে পৌঁছান কেবল ৬৪ বলে। সাজঘরে ফেরার আগে ৮৮ বলে তার ব্যাট থেকে আসে ১৬১ রান। ছয় নম্বরে নেমে ৮ চারের সঙ্গে ১৭ ছক্কা মারেন তিনি।

স্টোকসের ছক্কাগুলোর ৫টি আসে বাঁহাতি স্পিনার জস বেকারের টানা পাঁচ বলে। শেষ বলটিও সজোরে হাঁকিয়েছিলেন তিনি। তবে লং-অফের বাউন্ডারির সামান্য সামনে পড়ে হয়ে যায় চার। সবমিলিয়ে ওই ওভার থেকে স্টোকস আদায় করেন ৩৪ রান। ওভারের পঞ্চম ছক্কাটির মাধ্যমে সেঞ্চুরিও পূরণ হয় তার।

মৌসুমে নিজের প্রথম ম্যাচে স্টোকস যখন ক্রিজে যান, তখন ডারহামের রান ছিল ৪ উইকেটে ৩৬০। এরপর ডেভিড বেডিংহ্যামের সঙ্গে ২২০ রানের জুটি গড়েন তিনি। বলাই বাহুল্য, জুটির অধিকাংশ রান আনেন স্টোকস।

মুখোমুখি হওয়া পঞ্চম বলে চার মেরে রানের খাতা খোলা স্টোকসের রান এক সময় ছিল ৩০ বলে ১২। এরপর বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ছক্কা-চারে তিনি কচুকাটা করেন উস্টারশায়ারের বোলারদের। ফিফটি করতে তার লাগে ৪৭ বল। পরের পঞ্চাশ করতে তিনি খেলেন মাত্র ১৭ বল। দেড়শতে তিনি পৌঁছান ৮৩ বলে।

বেকারের ওই ওভার শুরুর আগে স্টোকসের সংগ্রহ ছিল ৫৯ বলে ৭০ রান। টানা ৫ ছক্কায় সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ২০০৫ সালে সমারসেটের বিপক্ষে পল কলিংউড সেঞ্চুরি করেছিলেন ৭৫ বলে।

সেঞ্চুরির আগে ১০ ছক্কা মারা স্টোকস পরে হাঁকান আরও ৭ ছক্কা। তাতে গড়া হয়ে যায় ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। ১৬ ছক্কায় এতদিন যৌথভাবে রেকর্ড ধরে রাখা অ্যান্ড্রু সাইমন্ডস ও গ্রাহাম নেপিয়ার তালিকায় নেমে গেছেন দুইয়ে।

স্টোকসের তাণ্ডবের ইতি ঘটে লেগ স্পিনার ব্রেট ডি'অলিভেইরার বলে। আরও একটি ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে তিনি ধরা পড়েন। তার ক্যাচটি নেন জ্যাক হেইন্স।