বিপিএলের সময় ফ্র‍্যাঞ্চাইজি টি-২০ লিগ করবে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

এর আগেও চেষ্টা করা হয়েছিল, কিন্তু গ্লোবাল টি-টোয়েন্টি লিগ বা মানসি সুপার লিগ শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেছি। এবার ব্রডকাস্টার সুপার স্পোর্টসের সঙ্গে মিলে নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া দলের দক্ষিণ আফ্রিকা সফরের পর পরই এই টুর্নামেন্টের প্রথম আসর হবে ২০২৩ সালের জানুয়ারিতে। প্রতি বছর জানুয়ারি মাসটাতেই বসবে তা।

বাংলাদেশের ফ্র‍্যাঞ্চাইজি  টি-টোয়েন্টি আসরও জানুয়ারি মাসে আয়োজিত হয়ে আসছে। যদিও এত বছরেও বিপিএলের জন্য চূড়ান্ত কোন সময় ঠিক করেনি বিসিবি। তবে জানুয়ারিতে হলে বিপিএলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্ট পড়বে একই সময়ে। সেক্ষেত্রে বিদেশি তারকা সংকট বাড়তে পারে বিপিএলের। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসএ জানায়, তাদের এই লিগে খেলোয়াড়দের  জন্য থাকবে আকর্ষণীয় পারিশ্রমিক।  আইপিএল ছাড়া বিশ্বের অন্যান্য আসরের চেয়ে বেশিই টাকা আয়ের সুযোগ থাকবে ক্রিকেটারদের।

ব্যক্তিগত মালিকানার ছয়টি দল রাউন্ড রবিন লিগ খেলে চূড়ান্ত হবে ৪ দলের প্লে অফ রাউন্ড। ফাইনালসহ আসরে ম্যাচ থাকবে ৩৩টি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী কর্মকর্তা ফুললেটসি মোসেকি জানান এরমধ্যেই তারা দেশি-বিদেশি বিনিয়োগকারী পেয়ে গেছেন, 'আমরা এরমধ্যেই স্থানীয় ও আন্তর্জাতিক বিনোয়গকারীদের কাছ থেকে সাড়া পাচ্ছি।'

সুপার স্পোর্টসের প্রধান নির্বাহী মার্কো জুরি এই টুর্নামেন্ট বদলে দেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের চেহারা, 'আমরা এমন একটা পণ্য বিনিয়োগ করছি যেটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের আদল বদলে দেবে।'

২০১৭ সালে গ্লোভাল টি-টোয়েন্টি লিগ ও ২০১৮ সালে মানজি সুপার লিগ আয়োজন করলে তা সফলতায় নিয়ে যেতে পারেনি সিএসএ ও স্পোর্টস স্পোর্টস।