বিশ্বকাপে বোলার-অলরাউন্ডারদেরই মূল শক্তি ভাবছেন মাহমুদউল্লাহ
সময় ঘনিয়ে এসেছে। সব দলই বিশ্বকাপের স্কোয়াড গুছিয়ে আনার একদম কাছে। বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে, একটা পরিষ্কার ধারণা আছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদেরও। তার মতে, বাংলাদেশের মূল শক্তির জায়গা হবে এক ঝাঁক অলরাউন্ডার ও দলের বোলাররা।
মঙ্গলবার সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের মূল পর্ব সুপার টুয়েলভে যেতে হলে বাংলাদেশকে পার হতে হবে প্রথম রাউন্ডের বাধা।
আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
সেখানে মাহমুদউল্লাহর দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। আগামী ১৭ অক্টোবর ওমানে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
আইসিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ তুলে ধরেন তার দলের শক্তির জায়গা, 'আমাদের শক্তির জায়গা আমাদের অলরাউন্ডার ও বোলিং বিভাগ। আমাদের ব্যাটিংও ভালো। আমরা ভারসাম্যপূর্ণ দল। আমাদের পাঁচ-ছয়জন অলরাউন্ডার আছে, যারা ব্যাটিং-বোলিং দুটোই করতে পারে। আমাদের পেসাররা এই সময়ে দারুণ করছে। স্পিনাররা আমাদের শক্তির জায়গা। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে, আমরা ভালো ফল করব।'
মাহমুদউল্লাহর মতে, এবারও বড় আসরে বাংলাদেশের মূল কাণ্ডারি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে তরুণদেরও জ্বলে ওঠার প্রত্যাশা করছেন তিনি, 'সাকিব সেরা অলরাউন্ডার এবং আমাদের সবচেয়ে বড় তারকা। মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানও খুব গুরুত্বপূর্ণ। অন্যদের মধ্যে আফিফ (হোসেন), শামীম (পাটোয়ারি), নুরুল (হাসান সোহান) আছে, যেসব তরুণরা দারুণ কিছু করতে মুখিয়ে।'
সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামী মাসের শুরুতে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। বিশ্বকাপের জন্য সর্বোচ্চ আত্মবিশ্বাস রাখতে এসব সিরিজের ফলকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, 'সব দলের জন্যই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে আমরা কিছু সিরিজ খেলছি। চেষ্টা করছি এইগুলো জিতে পুরো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে।'
'বিশ্বকাপের মতো আসরে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। যার সঙ্গেই খেলা হোক না কেন আপনাকে প্রথম বল থেকেই সেরাটা দিতে হবে। আপনাকে উপযুক্ত মনোভাব নিয়ে মাঠে নামতে হবে।'