বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার সুযোগ চান রশিদ

স্পোর্টস ডেস্ক

র‍্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা দলগুলোর বিপক্ষে আরও টেস্ট খেলার সুযোগ চান রশিদ খান। আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনারের মতে, স্কিল উন্নত করতে ও ভাণ্ডারে নতুন নতুন অস্ত্র যোগ করতে বেশি বেশি টেস্ট খেলার বিকল্প নেই।

২০১৭ সালে টেস্ট খেলার মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত কেবল ছয়টি ম্যাচ খেলেছে আফগানরা। এর মধ্যে পাঁচটিতেই ছিলেন রশিদ। গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু তালেবানরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ায় সেখানকার মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ম্যাচটি স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

টেস্টে স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশেনের মতো তারকা ব্যাটারদের বিপক্ষে বোলিংয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপে পুড়ছেন রশিদ। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি শনিবার বলেছেন, 'একজন খেলোয়াড় হিসেবে এটা খুবই হতাশার। কারণ আপনি বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগের অপেক্ষায় থাকবেন। এটা আপনার খেলাকে আরও উন্নত করার ও নতুন নতুন জিনিস শেখার সঙ্গে সম্পর্কিত। আমরা সবাই সুযোগের অপেক্ষায় আছি। কিন্তু মাঝে মাঝে সবকিছু আপনার চাওয়া মতো হয় না। আমি আশা করি, শিগগিরই আমরা তাদের বিপক্ষে খেলার সুযোগ পাব।'

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ একেবারে নিয়মিত মুখ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে তার সরব পদচারণা। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিভিন্ন দেশের মাটিতে খেলার অভিজ্ঞতা তাকে দীর্ঘতম সংস্করণেও সাহায্য করবে বলে মনে করছেন তিনি, 'উইকেট ও কন্ডিশন দেশভেদে ভিন্ন। আপনাকে আলাদা আলাদা করে চিন্তা করতে হবে এবং নিজের খেলায় নতুন কিছু না কিছু যোগ করতে হবে। এই অভিজ্ঞতা আপনাকে মানসিকভাবে খুব শক্তিশালী করে। এটা আমাকে অনেক সাহায্য করেছে।'

নজরকাড়া বোলিংয়ের পাশাপাশি লোয়ার-অর্ডারে আগ্রাসী ব্যাটিংয়ে সক্ষম রশিদ বর্তমানে আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে। ফিল্ডিংয়েও তিনি দুর্দান্ত। নিজেকে অলরাউন্ড ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন রয়েছে তার, 'আমি এখন যেমন ব্যাটার সেটার চেয়ে আরও ভালো হতে পারি। এই বিভাগে আরও দায়িত্ব নিতে হবে আমাকে। আমি আমার ব্যাটিং নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। গত কয়েক বছরে আমার কাছ থেকে প্রত্যাশা এভাবে বেড়েছে যে আমি ব্যাট হাতে ২০-২৫ রান করতে পারি।'