ভারতকে সিরিজ হারিয়েছেন, বুঝে উঠতে পারছেন না এলগার
সিরিজ শুরুর আগে তারকায় ঠাসা ভারতকেই ধরা হচ্ছিল ফেভারিট। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা, তবুও ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাওয়া দল নিয়ে ও মাঠের বাইরের নানা অস্থিরতা সামলে তাদের জয়ের সম্ভাবনা দেখছিলেন কম লোকই। ভারত সিরিজে এগিয়ে যাওয়ার পর অতি আশাবাদীরাও হয়তো ভাবেননি প্রোটিয়ারা শক্তিশালী হয়ে ফিরে আসবে। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের পারফরম্যান্সে গর্বিত স্বাগতিক অধিনায়ক ডিন এলগার গোটা ব্যাপারটা নিয়ে যেন আছেন ঘোরের মধ্যে।
শুক্রবার কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ভারতকে ৭ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে তাদের লক্ষ্য ছিল ২১২ রান। আগের দিনই ২ উইকেটে হারিয়ে ১০১ রান স্কোরবোর্ডে জমা করেছিল তারা। তাই হাতে ৮ উইকেট নিয়ে আর ১১১ রান লাগত তাদের। সেই সমীকরণ ম্যাচসেরা কিগান পিটারসেনের উইকেট হারিয়ে সহজেই পূরণ করে দলটি। সফরকারী ভারত পারেনি নাটকীয় কিছু উপহার দিতে।
ভারতকে হারিয়ে সিরিজ জিতে নেওয়াটা বিশ্বাসই হচ্ছে না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগারের। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'দারুণ উচ্ছ্বসিত। এক-দুদিন লাগবে ব্যাপারটা বুঝতে। দলকে নিয়ে আমি গর্বিত।'
প্রোটিয়াদের টেস্ট দলে নামীদামী ক্রিকেটারের সংখ্যা একেবারেই হাতেগোনা। অনেকেই লড়ছেন জায়গা পাকা করতে। অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বাধীন দল ভারতের ইতিহাসের সেরা দলগুলোর একটি। তাদের বিপক্ষে জয়ে গর্ববোধ হচ্ছে বাঁহাতি ওপেনার এলগারের, 'দারুণ খুশি। তরুণ একটা দল। কোনো নামকরা ক্রিকেটার নেই। একটা দল হিসেবে খেলেছে সবাই। বোলাররা দারুণ খেলেছে। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে সবাই। এই দলকে নিয়ে আমি গর্বিত।'
উল্লেখ্য, এই নিয়ে আটবার দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হলো ভারত। সাতটিতেই তারা হেরেছে। কেবল ২০১০-১১ মৌসুমে তিন ম্যাচের সিরিজ তারা ড্র করতে পেরেছিল ১-১ ব্যবধানে।