মিচেল-ব্লান্ডেলের ব্যাটে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড
প্রথম দিনে পড়ল ১৭ উইকেট। দ্বিতীয় দিনের প্রথম সেশনেও গেল ছয়টি। লাঞ্চ বিরতিতে থেকে ফেরার পর গেল আরেকজন। তখন মনে হয়েছিল দুই দিনেই গড়াবে লর্ডস টেস্টের ভাগ্য। কিন্তু তখনই টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেলের অবিশ্বাস্য জুটি। অনেকটা ধারার বিপরীতে ম্যাচের রং বদলে দেন এ দুই ব্যাটার। এমনকি দিন শেষেও তারা অপরাজিত! নিউজিল্যান্ডও পৌঁছে গেছে দারুণ অবস্থানে।
শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৪ উইকেটে ২৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ২২৭ রানে। এর আগে স্বাগতিকদের প্রথম ইনিংস ১৪১ রানে গুটিয়ে দেয় কিউইরা। নিজেদের প্রথম ইনিংসে ১৩২ রানে অলআউট হয়েছিল সফরকারী নিউজিল্যান্ড।
তখন লিড মাত্র ৪৭ রানের। প্রথম সারির চার ব্যাটার সাজঘরে। একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা। খাঁদের কিনারা থেকে পঞ্চম উইকেটে তখন দলকে টেনে তোলেন মিচেল ও ব্লান্ডেল। গড়েন অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটি। অসাধারণ ব্যাটিংয়ে ধস তো থামিয়েছেনই, দলকে এনে দিয়েছেন সম্মানজনক লিডও।
দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ব্যাটারই এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। দুই জনই আছেন নার্ভাস নাইন্টিজে। সেঞ্চুরি থেকে ৩ রান দূরে আছেন মিচেল। ১৮৮ বলে ১১টি চারের সাহায্যে করেছেন অপরাজিত ৯৭ রান। যদিও তিনি ফিরতে পারতেন শুরুতেই। ব্রডের বলে ব্যক্তিগত ১ রানে স্লিপে তার ক্যাচ ছেড়েছেন জ্যাক ক্রাউলি। ব্লান্ডেল অপরাজিত আছেন ৯০ রানে। ১৮২ বলে ১২টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে ৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই ওপেনার উইল ইয়ংকে হারায় সফরকারীরা। তাকে উইকেটরক্ষক বেন ফোকসের ক্যাচে পরিণত করেন জেমস অ্যান্ডারসন। স্কোরবোর্ডে ২৫ রান যোগ করার পর অধিনায়ক কেন উইলিয়ামসনকেও হারায় নিউজিল্যান্ড। অভিষেকেই দ্বিতীয়বার সময়ের অন্যতম সেরা এ ব্যাটারকে তুলে নেন ম্যাথিউ পটস।
দলীয় ৩৫ রানে ফের ধাক্কা দেন পটস। এবার তুলে নেন আরেক ওপেনার টম লাথামকে। টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে তখন বিপদে নিউজিল্যান্ড। সে বিপদ আরও বাড়িয়ে দেন স্টুয়ার্ট ব্রড। লাঞ্চের পর তিনি ছাঁটাই করেন ডেভন কনওয়েকে। ফলে দলীয় ৫৬ রানেই চার উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন মিচেল ও ব্লান্ডেল।
সকালে আগের দিনের ৭ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। এদিন শেষ তিন উইকেট হারিয়ে আর ২৫ রান যোগ করতে পারে তারা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বেন ফোকস ও স্টুয়ার্ট ব্রডকে ছাঁটাই করেন টিম সাউদি। ফলে বড় লিড নিতে পারেনি দলটি। ৯ রানের লিডে সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। ৫৫ রানের খরচায় ৪টী উইকেট নেন সাউদি। এছাড়া ট্রেন্ট বোল্ট ৩টি ও কাইল জেমিসন ২টি শিকার করেন।