মেয়ার্স-হোল্ডার-কর্নওয়েলের ব্যাটে ফলোঅন এড়ালো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

অষ্টম ব্যাটার হিসেবে জেসন হোল্ডার যখন সাজঘরমুখী হলেন তখনও ফলোঅন এড়াতে ১২ রান চাই ক্যারিবিয়ানদের। লেজের ব্যাটার রাখিম কর্নওয়েল তখন ওয়েস্ট ইন্ডিজের কাণ্ডারি হয়ে দাঁড়ান। তাতে ফলোঅন এড়াতে পেরেছে দলটি। এমনকি লঙ্কানদের লিডও কমিয়ে এনেছে তারা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২২৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। মূলত ক্যারিবিয়ানদের নবম উইকেটের পতন হওয়ার পর বৃষ্টি নামে। এরপর বৃষ্টির ধারা না কমলে এদিন আর খেলা সম্ভব হয়নি। তৃতীয় দিন শেষে ১৬২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

আগের দিনের ৬ উইকেটে ১১৩ রান নিয়ে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা তাকিয়ে ছিল মেয়ার্স ও হোল্ডারের ব্যাটের দিকে। হতাশ করেননি তারা। বড় ইনিংস না খেলতে পারলেও অন্তত ফলোঅন এড়াতে কার্যকরী ইনিংস খেলেছেন দুই ব্যাটারই। গড়েছেন মহামূল্যবান ৬৩ রানের ইনিংস।

দলীয় ১৬৩ রানে মেয়ার্সকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের ফলোঅন এড়ানোর আশা বড় ধাক্কা দেন ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর স্কোরবোর্ডে আর ১২ রান যোগ করতে হোল্ডারকে তুলে নেন প্রবীণ জয়াবিক্রমে। তাতে ফলোঅনে পড়ার বড় শঙ্কায় ছিল সফরকারীরা। তবে নবম উইকেটে জশুয়া ডি সিলভার সঙ্গে কর্নওয়েলের ৪৯ রানের জুটিতে ফলোঅন এড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

৬২ বলে ৮টি চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন মেয়ার্স। কর্নওয়েল করেন ৩৯ রান। ৫৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৬০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করেন হোল্ডার।

শ্রীলঙ্কার পক্ষে ৩৮ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন জয়াবিক্রমে। ৩টি উইকেট পেয়েছেন রমেশ মেন্ডিসও।