মে মাসে দুই টেস্ট খেলতে আসবে শ্রীলঙ্কা, সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মে মাসে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজের জন্য সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৮ মে ঢাকায় পা রাখবে লঙ্কানরা। এরপরই তারা প্রথম টেস্ট খেলতে চলে যাবে চট্টগ্রামে। ১৫ মে থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

প্রথম টেস্টের আগে ১১-১২ মে এমএ আজিজ স্টেডিয়ামে একটি দুদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্টের পর ঢাকায় ফিরবে দুদল।

২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে দক্ষিণ আফ্রিকায়। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হয়েছে প্রথম টেস্ট। ৮ এপ্রিল সেন্ট পিটার্সবার্গে দুদল নামবে দ্বিতীয় টেস্টে। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত থাকবে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স রাউন্ডে। এরপর ঈদের ছুটি কাটিতেই শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততা।