মোস্তাফিজদের দলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ছয়

স্পোর্টস ডেস্ক

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শের পর ফ্র্যাঞ্চাইজিটির আরেক বিদেশি ক্রিকেটারের শরীরে এই ভাইরাসের সংক্রমণ হয়েছে। ফলে দিল্লিতে করোনা আক্রান্ত সদস্যের সংখ্যা বেড়ে হয়েছে ছয়।

ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বুধবার জানিয়েছে, র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় (আরএটি) ওই খেলোয়াড়ের ফল পজিটিভ এসেছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার।

পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লির ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অবশ্য কোনো শঙ্কা নেই। বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দুই দল। পুনেতে হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে ম্যাচটি মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে নিয়ে এসেছে আইপিএল কর্তৃপক্ষ।

গত কয়েক দিনে দিল্লির মোট পাঁচ জন করোনা পরীক্ষায় পজিটিভ হন। গত শুক্রবার দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্টের করোনা ধরা পড়ে। পরদিন স্টাফ চেতন কুমারের শরীরে এই ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত হয়। এরপর গত সোমবার মার্শের পাশাপাশি দলটির চিকিৎসক অভিজিত সালভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম টিমের আকাশ মানের পরীক্ষার ফল পজিটিভ আসে।

পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে পর পর দুই ম্যাচ খেলতে গত সোমবার পুনেতে যাওয়ার কথা দিল্লি দলের। তবে করোনার থাবায় তারা আটকে যায় মুম্বাইয়ের টিম হোটেলে। এরপর আসে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত।

আইপিএলের নিয়ম অনুসারে, কোনো ফ্র্যাঞ্চাইজির কমপক্ষে ১২ ক্রিকেটার করোনাভাইরাসমুক্ত থাকলে সেই দল ম্যাচ খেলতে পারবে। সেজন্য একাদশে অন্তত সাত ভারতীয় খেলোয়াড় থাকতে হবে। তবে নির্ধারিত দিনে খেলা সম্ভব না হলে পরিবর্তিত সূচিতে আয়োজনের সুযোগ রেখেছে আয়োজকরা।

গত বছর অংশগ্রহণকারী দলগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল মাঝপথে স্থগিত করা হয়েছিল। পরে ভারত থেকে সরিয়ে কয়েক মাস পর সংযুক্ত আরব আমিরাতে হয় আসরের বাকি অংশ।