যুবাদের দায়িত্বে স্টুয়ার্ট ল, ওয়াসিমকে কাজে লাগানো হবে ‘বিভিন্ন জায়গায়’

ক্রীড়া প্রতিবেদক

কদিন আগেই অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে জাতীয় অলের সাবেক কোচ স্টুয়ার্ট লকে বেছে নিয়েছিল বিসিবি। ডেভোলাপমেন্ট পর্যায়ে ব্যাটিং পরামর্শ হিসেবে বাছাই করা হয়েছিল ভারতের ওয়াসিম জাফরকে। বৃহস্পতিবার বোর্ড সভায় এই দুজনের নিয়োগ অনুমোদন করেছে বিসিবি।

বোর্ড সভা শেষে বেরিয়ে অনেকগুলো ইস্যুর মাঝে মূল ফোকাস ছিল টেস্ট অধিনায়কত্ব। তবে তা ঘোষণা করার আগে স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফরের নিয়োগের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। ল যুব দলের প্রধান কোচ হলেও ওয়াসিম কাজ করবেন বিভিন্ন জায়গায়।

২০১১ সালে জেমি সিডন্স দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ল দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ দলের। এই অস্ট্রেলিয়ান অবশ্য লম্বা মেয়াদে থাকতে পারেননি।

এক যুগ পর তিনি আবার ফিরছেন নতুন ভূমিকায়। এবার তার চ্যালেঞ্জ বাংলাদেশের যুবদল। আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুব দলের প্রধান কোচ হিসেবে থাকছেন তিনি।

ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম এর আগে স্বল্প মেয়াদে বাংলাদেশের তরুণদের সঙ্গে কাজ করেছিলেন। এবার তাকে যুবদল ছাড়াও বিভিন্ন পর্যায়ে কাজে লাগাতে চায় বিসিবি, 'আমাদের অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফে স্টুয়ার্ট ল এবং ওয়াসিম জাফর। এই দুজনকে আমরা নিয়েছি। স্টুয়ার্ট লকে হেড কোচ হিসেবে এবং ওয়াসিম জাফর হচ্ছে বিসিবির ব্যাটিং কোচ হিসেবে। বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবো।'