রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, খেলবেন না দ্বিতীয় টেস্টেও

ক্রীড়া প্রতিবেদক

পারিবারিক কারণে আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ টেস্টেও তাকে পাচ্ছে না টাইগাররা।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রে সাকিবের বড় মেয়ের স্কুল খুলে গেছে। কিন্তু সাকিবের স্ত্রী শিশির যেতে পারছেন না। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে তিনি অবস্থান করবেন বাংলাদেশে। কারণ, সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফলে সাকিবকে যেতে হচ্ছে বড় মেয়ের সঙ্গে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবের না খেলার প্রসঙ্গে জালাল বলেছেন, 'যুক্তরাষ্ট্রে মেয়ের স্কুল খোলা থাকায় তাকে যেতে হচ্ছে। দ্বিতীয় টেস্টেও আমরা তাকে পাচ্ছি না।'

যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব দেশ ছাড়বেন রাত ৮টা ২০ মিনিটে, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে।

মা, শাশুড়ি ও সন্তান মিলিয়ে পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় প্রোটিয়াদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশে ফিরে আসেন সাকিব। ফলে দুই দলের চলমান প্রথম টেস্টে খেলছেন না তিনি।

যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সাকিবের খেলার সম্ভাবনাও ক্ষীণ।