রুটের উত্তরসূরি হিসেবে স্টোকসকে চান ইংল্যান্ডের সাবেকরা

স্পোর্টস ডেস্ক

টানা বাজে ফলের কারণে জো রুটের পদত্যাগ দাবি করে আসছিলেন ইংল্যান্ডের সাবেক দলনেতারা। চাওয়া পূরণ হওয়ার পর শূন্যস্থান পূরণে নিজেদের পছন্দের কথাও জানিয়ে দিলেন মাইক আথারটন, মাইকেল ভন ও নাসের হুসেইন। তাদের প্রত্যেকের মতে, বেন স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হতে সবচেয়ে উপযুক্ত।

ব্যাট হাতে ঝলমলে ফর্মে থাকলেও নেতৃত্ব নিয়ে অনেক দিন ধরেই সমালোচনার মুখে ছিলেন রুট। সেই চাপ আরও ঘনীভূত হয় অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হারের পর। তারপরও রুট পদত্যাগ করেননি। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়েও দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হারে ইংলিশরা। তবুও নেতৃত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন রুট। দেশে ফিরে অবশ্য সেই অবস্থান থেকে সরে দাঁড়ান তিনি। আগের দিন শুক্রবার দেন অধিনায়কের পদ ছাড়ার ঘোষণা।

আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের আগে আর কোনো টেস্ট নেই ইংল্যান্ডের। তাই পাঁচ বছর দায়িত্ব পালন করা রুটের উত্তরসূরি খোঁজার জন্য কিছু সময় আছে তাদের হাতে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান- সেই মতামত ইতোমধ্যে দিয়েছেন আথারটন, ভন ও নাসের। তাদের সবার ভোট পড়েছে তারকা পেস অলরাউন্ডার স্টোকসের বাক্সে, যিনি পালন করে আসছেন সহ-অধিনায়কের দায়িত্ব।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ভন বলেছেন, ইংল্যান্ড টেস্ট দলে অধিকাংশ ক্রিকেটারের জায়গা নড়বড়ে হওয়ায় স্টোকস ছাড়া আর কাউকে দেখছেন না তিনি, 'দলে জায়গা নিশ্চিত আছে এমন কারও এই (অধিনায়কের) দায়িত্ব নেওয়ার জন্য (স্টোকস ছাড়া) অন্য কাউকে আমার চোখে পড়ছে না।'

স্টোকসকেই রুটের অবধারিত বদলি উল্লেখ করে স্কাই স্পোর্টসকে সাবেক ওপেনার আথারটন জানিয়েছেন, 'নতুন অধিনায়ক হিসেবে স্টোকসই অবধারিত পছন্দ। সে রুটের খুব ঘনিষ্ঠও। রুট নিজে থেকেই (নেতৃত্ব) ছেড়ে দেওয়ায় তার (স্টোকসের) জন্য এই প্রস্তাব গ্রহণ করা সহজ হবে।'

স্টোকসকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অবশ্য কিছু বিষয় মাথায় রাখতে হবে ইংল্যান্ডকে। অতীতে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নানা অভিযোগ থাকলেও সেই দুঃসময় পেছনে ফেলে এসেছেন তিনি। কিন্তু তার মানসিক স্বাস্থ্য নিয়ে থাকছে সংশয়। গত বছর জুলাইতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। এরপর অ্যাশেজের আগে দলে ফেরেন। তাছাড়া, স্টোকস কিছুটা চোটপ্রবণও। বাঁ হাঁটুতে চোটের কারণে গত মার্চ থেকে তিনি আছেন মাঠের বাইরে। তবে আশা করা হচ্ছে, আগামী মে মাসে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি।

স্টোকসকে যোগ্য মনে করলেও ডেইলি মেইলে লেখা কলামে জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের তুলে ধরেছেন মুদ্রার উল্টো পিঠগুলো, '(অধিনায়কের) এই দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে খুব ভালো অবস্থায় থাকতে হবে। আর স্টোকসের মাঠের বাইরের নানা রকমের ঝামেলাই ছিল। (ইসিবির) নতুন ক্রিকেট পরিচালক যেই হোক না কেন, প্রথমে অবশ্যই তাকে যা করতে হবে তা হলো... স্টোকসের সঙ্গে বসা, চোখে চোখ রেখে কথা বলা এবং জেনে নেওয়া যে সে (মানসিক ও শারীরিকভাবে) কী অবস্থায় আছে।'

উল্লেখ্য, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ও জেতার রেকর্ড রুটের দখলে। ৬৪ টেস্টে ২৭ জয় পেয়েছেন তিনি। পাশাপাশি সবচেয়ে বেশি ২৬ ম্যাচে হারের দুঃসহ অভিজ্ঞতাও তার। রুটের নেতৃত্বে সবশেষ ১৭ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ইংল্যান্ড।