রোমাঞ্চকর পরিণতির অপেক্ষায় জোহানেসবার্গ টেস্ট

স্পোর্টস ডেস্ক

৫৮ রানের লিড নিয়ে আগের দিন শেষ করেছিল ভারত। দিন শেষে তখন প্রোটিয়া ব্যাটার কিগান পিটারসেন বলেছিলেন, 'উইকেট বিচারে দুইশর বেশি রান তাড়া করা বেশ কঠিন হয়ে যাবে।' সে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪০ রানের। তাতে আবার দক্ষিণ আফ্রিকার শুরুটাও মন্দ নয়। ফলে জমে উঠেছে জোহানেসবার্গ টেস্ট।

বুধবার দ্য ওয়ান্ডার্সে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১১৮ রান তুলেছেন দক্ষিণ আফ্রিকা। জয় পেতে চাই আরও ১২২ রান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানে অলআউট হয় ভারত।

আগের দিনের ২ উইকেটে ৮৫ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নামে ভারত। এদিনের শুরুটাও হয় বেশ ভালো। তৃতীয় উইকেটে ১১ রানের দারুণ এক জুটি গড়েন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আজিঙ্কা রাহানে ও চেতশ্বর পুজারা। রাহানেকে ফিরিয়ে এ জুটি ভাঙেন কাগিসো রাবাডা। এরপর ফেরান পুজারাকেও। 

৮ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারের বিদায়ে কিছুটা চাপে পড়ে ভারত। পরে এক প্রান্তে হনুমা বিহারী চেষ্টা চালালেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। অবশ্য মাঝে শার্দুল ঠাকুরের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন। তবে শেষ ৮টি উইকেট হারায় তারা স্কোরবোর্ডে ১০৩ রান যোগ করতে।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন রাহানে। ৭৮ বলে ৮টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৮৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পুজারা। নিজের ইনিংস সাজান ১০টি চারের সাহায্যে। ৮৪ বলে ৪০ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হনুমা বিহারী। শার্দুল খেলেন কার্যকরী ২৮ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি ও মার্কো জেনসেন।

২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় স্বাগতিকরা। ৪৭ রানের ওপেনিং জুটি গড়ে শার্দুলের বলে আউট হন এইডেন মার্করাম। এরপর পিটারসেনকে নিয়ে ৪৯ রানের একটি জুটি গড়েন অধিনায়ক ডিন এলগার। এ জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। এবার রাসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে দলের হাল ধরেছেন অধিনায়ক। অবিচ্ছিন্ন ২৫ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খলে অপরাজিত আছেন এলগার। ১২১ বলে ২টি চারের সাহায্যে এ রান করেন তিনি। তার সঙ্গে ১১ রানে উইকেটে আছেন ডুসেন। এছাড়া মার্করাম ৩১ ও পিটারসেন ২৮ রান করেন।