সাব্বিরের ফিফটিতে এইচপি দলের টানা দ্বিতীয় জয়
যে ডারউইনের মাঠে গত সপ্তাহে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ জাতীয় দল, সেই একই মাঠে এবার জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সাব্বির রহমানের দায়িত্বশীল ফিফটিতে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।
রোববার মারারা ওভালে ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ এইচপি। পাওয়ারপ্লের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটার ফিরে গেলে স্কোরবোর্ডে জমে ওঠে বিপদের মেঘ। একসময় ৭ ওভারে ৬০ রানে ৪ উইকেট হারিয়ে বসে দলটি।
এমন অবস্থায় হাল ধরেন সাব্বির রহমান। অভিজ্ঞ এই ব্যাটার ৪৫ বলে ৫৯ রানের পরিণত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ২টি ছক্কা। শামিম হোসেনের সঙ্গে গুরুত্বপূর্ণ ৪৬ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান তিনি।
তবে ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার সময়ও কাজ বাকি ছিল। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ ৫ ওভারে ৪০ রান। পরে এস এম মেহরব ১৩ রান করে ফিরলেও আবদুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনি দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন।
অপরাজিত ১৯ রান করা সাকলাইন এবং ৮ রানে অপরাজিত থাকা রনির ব্যাটে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ ওভারে ৬ রান প্রয়োজন হলে গ্যাব বেলের বলে কভার-পয়েন্ট দিয়ে চার মেরে চাপ কমান রনি, পরে দুই বল বাকি থাকতেই নিশ্চিত করেন জয়।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক ইরফান শুক্কুর। শুরু থেকেই হোবার্ট হারিকেন্স একাডেমিকে চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। জ্যাক ডোরান, রাধাকৃষ্ণ ও ব্র্যাডলি হোপ দ্রুত ফিরলে বিপাকে পড়ে অস্ট্রেলিয়ান দলটি।
তবে টিগ উইলি একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। তিনি অপরাজিত ৭৮ রান করেন। অধিনায়ক টিম ওয়ার্ডের ১৫ এবং রাফ ম্যাকমিলানের ১১ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে হোবার্ট।
বাংলাদেশের হয়ে অফস্পিনার মোহাম্মদ রুবেল ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ২৫ রানে ৩ উইকেট নেন। রিপন মণ্ডল শিকার করেন ২ উইকেট। এছাড়া আবু হায়দার ও সাকলাইন নেন একটি করে উইকেট।
আসরের প্রথম ম্যাচে নেপাল ‘এ’ দলকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ এইচপি। টানা দ্বিতীয় জয়ে তারা এখন নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।