লিস্ট-এ ফরম্যাটে আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস

ক্রীড়া প্রতিবেদক

ওপেন করতে নেমেছিলেন, আর আউটই হননি। লিস্ট-এ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন মোহাম্মদ আশরাফুল। তার ব্যাটে তিনশো ছাড়ানো পুঁজি পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

মঙ্গলবার বিকেএসপি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আশরাফুল করেন ১৩৯ বলে অপরাজিত ১৪১ রান।লিস্ট-এ ক্রিকেটে এর আগে তার সর্বোচ্চ ছিল ১২৭ রান।

এদিন আশরাফুলের পাশাপাশি রান পান মাইশুকুর রহমান (৯২ বলে ৬৮)। শ্রীলঙ্কান চতুরঙ্গ ডি সিলভা নেমে তুলেন ঝড়। ২৫ বলে ৫১ করে তিনশো ছাড়ানোর কাজটা করেন তিনিই। এদের ব্যাটে চড়ে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৩০৯ রান করেছে ব্রাদার্স।

রান প্রসবা বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্রাদার্সকে আগে ব্যাট করতে দিয়েছিল রূপগঞ্জ। তাদের শুরুটা হয় বিপর্যয়ে। প্রথম ওভারেই ৫ বলে কোন রান না করেই ফেরেন ইমতিয়াজ হোসেন তান্না।

এরপর দ্বিতীয় উইকেটে জুটি পান মাইশুকুর-আশরাফুল। ৩২তম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে যোগ করেন ১৫০ রান। ফজলে মাহমুদ রাব্বির বলে ৬৮ করে ফেরেন মাইশুকুর।

তৃতীয় উইকেটে মিনহাজুল আবেদিন সাব্বিরের সঙ্গে ৮০ রানের আরেক জুটি পান আশরাফুল। পরে চতুরঙ্গের সঙ্গে বিস্ফোরক জুটিতেই তেজ পায় তারা। ৩৮ বলে এই জুটিতে আসে ৬৮ রান। যার পুরোটাই মূলত চতুরঙ্গের কারণে। আশরাফুল শেষ পর্যন্ত আর আউটই হননি। ১৬ চার, ১ ছক্কায় ১৪১ করে অপরাজিত থেকে যান তিনি।