শততম ম্যাচে রাহুলের সেঞ্চুরি, টানা ছয় হারে বিধ্বস্ত রোহিতের মুম্বাই
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামলেই রান পান লোকেশ রাহুল। ব্যতিক্রম হলো না এবারও। আইপিএলে নিজের শততম ম্যাচটি সেঞ্চুরি দিয়ে রাঙালেন লক্ষ্ণৌ সুপার জায়ান্ট অধিনায়ক। রানের পাহাড় ডিঙিয়ে আবারও জেতার মতো জায়গায় যেতে পারেনি মুম্বাই। রোহিত শর্মার দল এই নিয়ে এবারের আসরে হারল টানা ছয় ম্যাচে।
শনিবার মুম্বাইর ব্রাবোর্ন স্টেডিয়ামে মুম্বাইকে ১৮ রানে হারিয়েছে লক্ষ্ণৌ। রাহুলের ৬০ বলে অপরাজিত ১০৩ রানে ১৯৯ রানের পাহাড় গড়ে লক্ষ্ণৌ। ডিওয়াল্ড ব্রেভিস, সুর্যকুমার যাদব আর কাইরন পোলার্ডের ছোট তিন ঝড়ে মুম্বাই করতে পারে ১৮১ রান।
বিশাল লক্ষ্যে নেমে শুরুটা একদম ভাল হয়নি মুম্বাইর। বিগ বাজেটের ওপেনার ইশান কিশান ছিল জড়সড়ো, অধিনায়ক রোহিতের অবস্থাও তাই। তৃতীয় ওভারে আবেশ খানের নিরীহ বলে ব্যাট লাগিয়ে রোহিত ক্যাচ দেন উইকেটের পেছনে। ৭ বলে থামেন স্রেফ ৬ রান করে।
তিনে নেমে 'বেবি এবি' ডিওয়াল্ড ব্রেভিস ফের ঝড় তুলেছিলেন। এই তরুণের আগ্রাসী ব্যাটে প্রাণ ফিরে পাচ্ছিল মুম্বাই। তবে তা এক পাশে ঝড়ের বিপরীতে আরেক পাশে চাপ বাড়ান ইশান। ব্রেভিসকেও ছাঁটেন আবেশ। ১৩ বলে ৩১ করে ক্যাচ দেন এই দক্ষিণ আফ্রিকান।
মার্কাস স্টয়নিসের বলে বোল্ড হয়ে ইশান তার যন্ত্রণাদায়ক ইনিংস থামেন ১৭ বলে ১২ করে। আগের ম্যাচগুলোতে ভাল খেলেছিলেন তিলক বর্মা। তিনি দুশো রান তাড়ায় ২৬ বল খুইয়ে এবার করেন কেবল২৬ রান। সূর্যকুমার ২৭ বলে ৩৭, কাইরন পোলার্ড শেষ ওভার পর্যন্ত থেকে ১৪ বলে ২৫ করে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে লক্ষ্ণৌর ইনিংস ছিল রাহুলময়। তার সঙ্গে জোট বেধে উড়ন্ত সূচনা আনেন কুইন্টেন ডি কক। তিনি ১৩ বলে ২৪ করে থামার পর মানিষ পান্ডেকে নিয়ে ছুটে চলেন রাহুল। ক্রমেই ডানা মেলে ছুটে চলা এই ডানহাতি হয়ে পড়েন দুর্বার।
৭২ রানের জুটির পর মুরগান অশ্বিনের বলে বোল্ড হন ৩৮ করা মানিষ। স্টয়নিস ৯ বলে ১০, দিপক হুডা ৮ বলে করেন ১৫। শেষ অবধি ক্রিজে থেকে ৬০ বলে ৯ চার ৫ ছক্কায় ১০৩ রানের চড়েন রাহুল। টি-টোয়েন্টিতে এটি তার পঞ্চম শতক।