শিরোপা ও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চোখ ডু প্লেসির

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জেতেন ফাফ ডু প্লেসি। আসরটির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসা দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ তারকার প্রত্যাশা ওই সাফল্যের অনুরূপ অভিজ্ঞতা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতাতে চান তিনি, পাশাপাশি থাকতে চান প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে।

ড্রাফটের বাইরে থেকে বিদেশি খেলোয়াড় হিসেবে এবার ডু প্লেসিকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে কুমিল্লা। আগামীকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচ সিলেট সানরাইজার্সের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

সানরাইজার্সের মুখোমুখি হওয়ার আগের দিন ডু প্লেসি গণমাধ্যমের কাছে জানান নিজের দুটি লক্ষ্যের কথা, 'প্রথম লক্ষ্য হবে টুর্নামেন্টটি জেতা। ব্যাটার হিসেবে দ্বিতীয় লক্ষ্য হবে প্রতি ম্যাচে অবদান রাখা এবং প্রতিযোগিতার শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় থাকা।'

কুমিল্লায় ডু প্লেসির পাশাপাশি বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন মঈন আলী ও সুনীল নারিন। দেশি তারকাদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও অধিনায়ক ইমরুল কায়েস। তাদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান ডু প্লেসি, 'স্পষ্টতই, আপনি এমন ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চান, যেখানে আপনি সফল হতে পারেন। আমার মতো খেলোয়াড়রা শিরোপা জিততে চায় এবং আমরা কেন এই খেলাটি খেলি, তার একটি বড় কারণ এটি। আমার অভিজ্ঞতা আছে যা আমি এখানে ছেলেদের সঙ্গে ভাগাভাগি করতে পারি- ব্যাটিং এবং অধিনায়কত্ব- দুই দৃষ্টিকোণ থেকেই।'

তারখাখচিত দল সব সময় সাফল্যের নিশ্চয়তা দেয় না। তাই ধাপে ধাপে এগোনোর কথা বলেন ডু প্লেসি, 'ক্রিকেট কাগজে-কলমে খেলা হয় না। এটি জানতে আমি যথেষ্ট দলে খেলেছি এবং এখানে অনেক শক্তিশালী দল রয়েছে। আমাদের এটি নিশ্চিত করতে হবে যে আমরা যেন আমাদের সামর্থ্য অনুযায়ী খেলি। আর যদি আমরা সেটা করি, আমি নিশ্চিত যে আমরা শেষ পর্যন্ত যেতে পারব। প্রতিযোগিতার শুরুতে কাজ হলো ভারসাম্য ঠিক রাখা এবং সঠিক দল বাছাই করা। প্রতিযোগিতা যত এগোবে, সাফল্য অর্জনের জন্য ততই পরিশ্রম করব আমরা।'

বিপিএলের অভিজ্ঞতা তাকে আরও সমৃদ্ধ করবে বলে মত ডু প্লেসির, 'বিপিএলের অভিজ্ঞতা আমার জন্য ভালো হবে। আমি মনে করি, প্রতিটি কন্ডিশনে খেলাটা আপনাকে আরও ভালো খেলোয়াড় করে তোলে। এখানে (বাংলাদেশে) আসতে ও খেলতে ভিন্ন রকমের দক্ষতার প্রয়োজন। তাই এটা ব্যাটার হিসেবে বেড়ে ওঠার ব্যাপার। আমি যতবারই আইপিএলে বা পিএসএলে খেলেছি, ততবারই উপভোগ করেছি। আর এখন এখানে আসাটাও আমি সত্যিই উপভোগ করছি। এটি বিশ্বব্যাপী আরও অভিজ্ঞ ও পরিণত খেলোয়াড় হয়ে ওঠার বিষয়।'