শ্রীলঙ্কার অনুরোধে প্রস্তুতি ম্যাচের ভেন্যু বদল
ঈদের পর পরই দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। টেস্ট সিরিজের আগে তারা খেলবে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচের ভেন্যু প্রথম চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রাখা হলেও এখন তা বদল করে নিয়ে আসা হয়েছে সাভারের বিকেএসপিতে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সফরকারী লঙ্কানরা ম্যাচটি ঢাকার আশেপাশে খেলতে অনুরোধ করেছিল। সে অনুযায়ী বিকেএসপিতে তা আয়োজন করা হচ্ছে।
প্রস্তুতি ম্যাচ বিকেএসপিতে হলে প্রথম টেস্টের ভেন্যু আগের মতই থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই।
বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ৮ মে বাংলাদেশে পা রাখবে লঙ্কানরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৯ মে অনুশীলন করবে তারা। ১০ ও ১১ মার্চ বিকেএসপিতে স্থানীয় একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১২ মার্চ প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা দল।
প্রথম টেস্টের ভেন্যুতে বাংলাদেশ চলে যাবে বেশ আগেভাগেই। ৮ মে চট্টগ্রাম পৌঁছে ৯ তারিখ থেকে সেখানেই অনুশীলন করবেন মুমিনুল হকরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। ঢাকায় ফিরে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে।
২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে শ্রীলঙ্কায় গিয়ে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশে এসেও একই ব্যবধানে জিতে গিয়েছিল লঙ্কনরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।