‘শ্রীলঙ্কার ক্রিকেটের পদ আঁকড়ে আছে চোরেরা’, রানাতুঙ্গার হুঙ্কার
শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা মনে করেন, তাদের দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান হচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ভোট কিনে অপেশাদার লোকজন দেশটির ক্রিকেট পরিচালনার ভার নিয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে চরম অর্থনৈতিক সংকটে আছে শ্রীলঙ্কা। বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান জোরালো করতে দেখা গেছে রানাতুঙ্গাকে। সরকারের মতো ক্রিকেটে বোর্ডের অবস্থাও যে বেহাল সেটাই এবার জানালেন তিনি।
ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাওয়া শ্রীলঙ্কা বর্তমানে টেস্ট র্যাঙ্কিয়ে আছে সাত নম্বরে, ওয়ানডেতে আটে ও টি-টোয়েন্টিতে নয়ে। দেশটির বেশ কয়েকজন তারকা আইপিএল খেলতেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলার সুযোগ পায়নি তারা। তার আগে পেরুতে হবে প্রথম রাউন্ডের বাধা।
টানা দুটি বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়নদের এমন অবস্থায় পড়া ভালোভাবে দেখেন না রানাতুঙ্গা। ভারতের বেঙ্গালুরুতে কর্নাটক অলিম্পিক ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে লঙ্কান ক্রিকেটের দুরাবস্থার জন্য ক্রিকেট বোর্ডকে সরাসরি দায়ি করেছেন তিনি, 'পুরোটাই অব্যবস্থাপনার ফল। অপেশাদারিত্ব, যেটা দেশের ক্রিকেট সংকটের কারণ। সবচেয়ে বাজে হচ্ছে ক্রিকেট বোর্ড। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান হচ্ছে তারা।'
রানাতুঙ্গা মনে করেন, বর্তমান বোর্ড পরিচালনায় থাকা কর্তারা দুর্নীতির মাধ্যমে নিজেদের পদ পেয়েছেন, 'তারা সব গুলিয়ে ফেলেছে। উপযুক্ত পেশাদার লোক ক্রিকেট চালাচ্ছে না। এটা সরকার থেকেও বাজে। ক্রিকেটীয় দিক থেকে আমরা খেলোয়াড় তৈরি করছি কিন্তু তারা এদের ঠিক ব্যবস্থাপনা করতে পারছে না। আপনি যদি ক্রিকেটের নির্বাচনের দিকে তাকান তাহলে দেখব ১৪৩ বা ১৪৪ ভোট সবই কেনা হচ্ছে। ২০১৫ থেকে যারা ক্রিকেট চালাচ্ছে তারা সব ধ্বংস করে দিয়েছে। আমি মনে করি উপযুক্ত একজন ক্রীড়া মন্ত্রী থাকলে সব কিছু ঠিকভাবে হেন্ডেল করা হতো। কিন্তু চোরেরা গিয়ে পদ দখল করে বসে আছে। এটা আগেও হয়েছে, আগামীতেও হবে।'
শ্রীলঙ্কার সামনে বর্তমান চ্যালেঞ্জ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। রোববার দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় আসছে দিমুথ করুনারত্নের দল।