সব সংস্করণের র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার স্বপ্ন বাবরের
কয়েক দিন আগে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক বলেছিলেন, ইতিহাস গড়ার সামর্থ্য রয়েছে বাবর আজমের। প্রথম ক্রিকেটার হিসেবে একই সময়ে তিন সংস্করণের ক্রিকেটের ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বর হতে পারেন পাকিস্তানের অধিনায়ক। অভিজ্ঞ কার্তিকের প্রত্যাশার সুর প্রতিধ্বনিত হয়েছে বাবরের কণ্ঠে। সময়ের অন্যতম সেরা এই তারকা বলেছেন, সব সংস্করণেই এক নম্বর ব্যাটার হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন বাবর। টেস্টেও একই অবস্থান অর্জন করতে পারলে অনন্য কীর্তির মালিক হবেন তিনি। সেই লক্ষ্য পূরণে লাল বলের ক্রিকেটে তার সাম্প্রতিক ফর্ম আশা জাগানিয়া। পাকিস্তানের জার্সিতে সবশেষ ৭ টেস্টের ১১ ইনিংসে ৬২ গড় ৬৮২ রান করেছেন বাবর। তাতে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়েও সুখবর মিলেছে তার। মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটের পর পঞ্চম স্থানে আছেন তিনি। এটি তার সাদা পোশাকের ক্যারিয়ারের সেরা অবস্থান।
আগামী ৮ থেকে ১২ জুন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। শুক্রবার আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, ক্যারিবিয়ানদের মোকাবিলার আগে বাবর বলেছেন তার স্বপ্নের কথা, 'একজন খেলোয়াড় হিসেবে তিন সংস্করণের সবকটিতে এক নম্বর খেলোয়াড় হওয়া একটা স্বপ্ন। সেজন্য আপনাকে ফোকাস রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এটা এমন না যে আপনি একটা বা দুইটা সংস্করণে শীর্ষ খেলোয়াড় হওয়ার পর নির্ভার হয়ে গেলেন।'
ক্রিকেটারদের বর্তমানে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হয়। এই চাপকে জয় করে স্বপ্নকে সার্থক করার জন্য নিজের কিছু কৌশলও খোলাসা করেছেন বাবর। ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার বলেছেন, 'যদি আপনি তিন সংস্করণেই এক নম্বর হতে চান, তাহলে আপনাকে ফিট থাকতে হবে এবং সঠিক পথে এগোতে হবে। এখন টানা ক্রিকেট খেলা চলতে থাকে এবং মাঝে খুব বেশি ফাঁকা সময় পাওয়া যায় না। তাই আপনাকে বাড়তি মাত্রায় ফিট থাকতে হবে।'
২০২০ সালের ফেব্রুয়ারিতেও টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠেছিলেন বাবর। তবে এগোনোর বদলে পরবর্তীতে পিছিয়ে গিয়েছিলেন তিনি। ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট নিয়ে আবারও শীর্ষ পাঁচে ফেরার পর বাবর মনোযোগ দিচ্ছেন নিশানা ভেদ করার দিকে, 'এটা এমন একটা ব্যাপার (তিন সংস্করণেই এক নম্বর ব্যাটার হওয়া) যার জন্য আমি প্রস্তুত হচ্ছি। সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত সবকিছু ভালোভাবে হচ্ছে এবং আশা করি, আমি টেস্টেও ভালো করতে পারব।'