সাকিবের তোপের পর বিহারির সেঞ্চুরি, জিতল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

বল হাতে আগুন ঝরালেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। একাই গুঁড়িয়ে দিলেন ব্রাদার্স ইউনিয়নের লাইন আপ। তাতে কোনো মতে দুইশ রান পাড় করে দলটি। এরপর ভারতীয় ব্যাটার হনুমা বিহারির দারুণ এক সেঞ্চুরি। তাতে আরও একটি হার দেখেছে ব্রাদার্স। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচ হারল তারা। অন্যদিকে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড।

শনিবার সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ২১৯ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। জবাবে ৬৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় বর্তমান চ্যাম্পিয়নরা।

লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি আবাহনীর। আবু হায়দার রনির তোপে দলীয় ৩১ রানে প্রথম সারির তিন উইকেট হারায় দলটি। তবে চতুর্থ উইকেটে ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারিকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। গড়েন ১২০ রানের জুটি। এরপর মোসাদ্দেক আউট হলে বাকি কাজ আফিফ হোসেনকে নিয়ে শেষ করেন বিহারি।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন বিহারি। ১১৫ বলে খেলেছেন হার না মানা ১১২ রানের ইনিংস। নিজের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কায় সাজিয়েছেন এ ভারতীয় ব্যাটার। ৬৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। ৫টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। আফিফ অপরাজিত থেকে ২৪ রানে।

ব্রাদার্সের পক্ষে ৪৮ রানের খরচায় ২টি উইকেট পান রনি।

ব্রাদার্সের মতো টানা ব্যর্থতার বৃত্তে আছেন তাদের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে করা ৫৫ রানের ইনিংস ছাড়া এবারের আসরে তেমন কিছুই করতে পারেননি তিনি। এদিনও ফিরেছেন খালি হাতে। সাকিবের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ পড়া দলটি মাঝারী পুঁজি পায় মিনহাজুল আবেদিন সাব্বিরের ব্যাটে।

পঞ্চম উইকেটে শামসুল ইসলাম অনিকের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন চার নম্বরে নেমে সাব্বির। এটাই ছিল বলার মতো জুটি। ৭১ বলে ৫১ রানের ইনিংস খেলেন সাব্বির। ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৪২ বলে ২৫ রান করেন অনিক। শেষ দিকে ১৭ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৪ রানের ইনিংস খেলেন আবু হায়দার রনি। এছাড়া ওপেনার সাদিকুর রহমান করেন ২২ রান।

আবাহনীর পক্ষে ৫৫ রানের খরচায় ৫টি উইকেট নেন সাকিব। এছাড়া ২টি করে শিকার করেন সাইফউদ্দিন ও তানভির ইসলাম।