সেঞ্চুরির সুযোগ পেয়েও দলের জন্য ত্যাগ ওয়ার্নারের
ডেভিড ওয়ার্নার যখন ৯২ রানে পৌঁছান তখন ম্যাচের বাকি এক ওভার। কিন্তু শেষ ওভারে স্ট্রাইক প্রান্তে ছিলেন রভম্যান পাওয়েল। সুযোগ পেলে হয়তো তিন অঙ্কের কোটায় পৌঁছাতে পারতেন এ ওয়ার্নার। সে সুযোগ দিতেও চেয়েছিলেন পাওয়েল। কিন্তু দলের স্বার্থে নিজের ব্যক্তিগত অর্জনকে বিসর্জন দিয়েছেন এ অজি ক্রিকেটার।
বৃহস্পতিবার মুম্বাইয়ে আগের দিন আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদকে ২১ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৭ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি হায়দারাবাদ।
এ জয়ে শেষ চারের আশা ভালোভাবেই টিকে রইল দিল্লির। ১০ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। তবে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ওয়ার্নারের সেই ত্যাগ নিয়ে। শেষ ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় মূল্যবান ১৯টি রান নিয়েছিলেন পাওয়েল। তাতেই দুইশ রানের কোটা পার করে দলটি। সিঙ্গেল নিয়ে ওয়ার্নারকে স্ট্রাইক দিলে ফলাফল হয়তো ভিন্ন কিছুও হতে পারতো।
তবে চলতি মৌসুমে অবশ্য দূর্বার ফর্মে আছেন ওয়ার্নার। ব্যাট হাতে একের পর এক নজির তিনি গড়ে চলেছেন। আগের দিন নিজের সাবেক দলের বিপক্ষে খেলেন ৫৮ বলে অপরাজিত ৯২ রানের অসাধারণ একটি ইনিংস। খুব অল্পের জন্যই শতরান হাতছাড়া করেন ওয়ার্নার।
শেষ ওভারে পাওয়েল বিধ্বংসী মেজাজে রান করছিলেন বটে। তবে চেয়েছিলেন ওয়ার্নার যেন সেঞ্চুরি পূরণ করেন। তার জন্য ১ রান নিয়ে তাকে শুরুতেই স্ট্রাইক দিতে চেয়েছিলেন পাওয়েল। কিন্তু খেলার সেই গতিটা কোনও ভাবেই নষ্ট করতে চাননি অজি তারকা। পাওয়েলকে নিজের খেলাটা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন ওয়ার্নার।
ম্যাচ শেষে পাওয়েল বিষয়টি খোলসা করে বলেছেন, 'আমি ডিডব্লিউকে (ডেভিড ওয়ার্নার) জিজ্ঞেস করেছিলাম যে, ওর ১০০ করার জন্য আমি সিঙ্গেল নিয়ে ওকে স্ট্রাইক দেব কিনা। কিন্তু ও আমাকে বলেছিল, এ ভাবে ম্যাচ খেলা হয় না। এবং আমাকে বড় শট খেলতে বলেছিল।'
সেঞ্চুরি করার বাসনা জলাঞ্জলি দিলেও শেষ হাসি হেসেছেন ওয়ার্নারই। দল জিতে লড়াইয়ে ফিরেছে। নিজেও হয়েছেন ম্যাচ সেরা।