হার্দিকের অলরাউন্ড নৈপুণ্যে বিধ্বস্ত ইংল্যান্ড
পাঁচ নম্বরে নেমে ঝড়ো ফিফটিতে দলকে দুশোর কিনারে নিয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। পরে বল হাতে নিয়ে হয়ে উঠলেন বিধ্বংসী। তার তোপে দেড়োশোর আগেই গুটিয়ে গেল ইংল্যান্ড।
এজবাস্টন টেস্ট হারার ক্ষত ভুলে সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে হার্দিকের ফিফটি, সূর্যকুমার যাদব ও দীপক হুডার ঝড়ে ১৯৮ রান জড়ো করেছিল ভারত।
রান তাড়ায় ইংল্যান্ড আটকে যায় ১৪৮ রানে। ব্যাট হাতে ৩৩ বলে ৫১ করার পর ৩৩ রানে ৪ উইকেট নিয়ে নায়ক হার্দিক। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।
বড় রান তাড়ায় অধিনায়ক জস বাটলারকে প্রথম ওভারেই ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। পঞ্চম ওভারে দাবিদ মালানকে তুলে উইকেট নেওয়া শুরু হার্দিকের। ওই ওভারেই তিনি ফিরিয়ে দেন লিয়াম লিভিংস্টোনকে।
পরের ওভারে এসে জেসন রয়কেও তুলে নেন হার্দিক। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। এরপর হ্যারি ব্রুক ও মঈন আলির ৬১ রানের জুটিতে প্রতিরোধ হলেও সেটা ম্যাচে জয়ের অবস্থা তৈরি করতে পারেনি। যুজভেন্দ্র চেহেলের বলে এই দুজন ফেরার পর স্যাম কারানকে কিপারের গ্লাভসে ক্যাচ বানিয়ে ৪ উইকেট পুরো করেন ভারতের অলরাউন্ডার। এরপর হার্শার প্যাটেল, আর্শ্বদ্বীপ সিংরা মুড়ে দেন ইনিংস।
এর আগে ব্যাটিং বেছে নেমেই ঝড় তুলেন অধিনায়ক রোহিত। ১৪ বলে ২৪ করার পর মঈনের বলে কিপারের গ্লাভসে জমা হন তিনি। ইশান কিশান ফেরেন দ্রুত। তিনে নামা হুডার ব্যাট হয়ে উঠে উত্তাল। মাত্র ১৭ বলে ৩৩ করে যান তিনি।
সূর্যকুমার যাদব সেই ধারা অব্যাহত রেখে আরও ক্ষ্যাপাটে। ১৯ বলেই তার ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। বাকিটা সময় ছড়ি ঘুরিয়েছেন হার্দিক। দলকে বড় পুঁজি পাইয়ে দেওয়ার পর পেসের ঝাঁজেও নিজের সামর্থ্যের জানান দিলেন আইপিএলে গুজরাট টাইটান্সকে জেতানো এই অলরাউন্ডার।