হিলির রেকর্ডের পর স্কিভারের লড়াই ছাপিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন অ্যালিসা হিলি। তার কল্যাণে রানের পাহাড়ে চড়ে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়াও। বিশাল লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের নাটালি স্কিভার সেঞ্চুরি পেলেও আর কেউ সঙ্গ দিতে পারলেন না তাকে। ফলে শিরোপা ধরে রাখা হলো না ইংলিশদের। তাদেরকে উড়িয়ে নয় বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতল অজিরা।
রোববার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ম্যাচে ৭১ রানের বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান তোলে তারা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এটি। জবাবে ইংল্যান্ড ৪৩.৪ ওভার খেলে পৌঁছাতে পারে ২৮৫ পর্যন্ত। বলের চেয়ে বেশি গতিতে রান তুললেও জুটি গড়তে না পারার আক্ষেপে পুড়তে হয় তাদের।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরে অস্ট্রেলিয়ার এটি সপ্তম শিরোপা। তারা শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৩ সালে, ভারতের মাটিতে। এবার রানার্সআপ হওয়া ইংল্যান্ড সবশেষ ২০১৭ সালের বিশ্বকাপে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া, নিউজিল্যান্ড কেবল একবারই শিরোপা জিতেছিল ২০০০ সালে।
ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা তারকা অজি ওপেনার হিলি ২৬ চারের সাহায্যে খেলেন ১৩৮ বলে ১৭০ রানের বিস্ফোরক ইনিংস। সেমিফাইনালেও সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১২৯ রান এসেছিল তার ব্যাট থেকে। ইতিহাস গড়ে মোট ৫০৯ রান নিয়ে আসর শেষ করলেন তিনি। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের এক আসরে পাঁচশ রান সংগ্রহের প্রথম কীর্তি এটি। অন্যদিকে, ইংলিশ ব্যাটার স্কিভার একাই লড়াই চালিয়ে ১৪৮ রানে অপরাজিত থাকেন। ১২১ বলের ইনিংসে তিনি মারেন ১৫ চার ও ১ ছক্কা।
উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় অজিরা। র্যাচেল হেইন্সকে নিয়ে হিলি যোগ করেন ১৭৫ বলে ১৬০ রান। এই জুটি ভাঙে ৯৩ বলে ৬৮ রান করা হেইন্সের বিদায়ে। এরপর বেথ মুনি সঙ্গী হন হিলির। দুজনে মিলে ইংলিশ বোলারদের কচুকাটা করে রান আনতে থাকেন তরতর করে। মাত্র ৯৮ বলের জুটিতে ওঠে ১৫৬ রান। শেষদিকে টপাটপ কয়েকটি উইকেট পড়লেও ততক্ষণে জয়ের পুঁজি পেয়ে যায় অস্ট্রেলিয়া। মুনি ৪৭ বলে ৮ চারে করেন ৬২ রান। এলিস পেরি ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পেসার আনিয়া শ্রাবসোল ৩ উইকেট নেন ৪৬ রানে।
লক্ষ্য তাড়ায় ইংলিশদের দরকার ছিল ভালো শুরু। কিন্তু ৩৮ রানের মধ্যে দুই ওপেনার ডানি ওয়াট ও ট্যামি বিউমন্টকে হারায় তারা। চারে নামা স্কিভার এক প্রান্তে জমে গেলেও অন্য প্রান্তের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। চারটি চল্লিশোর্ধ্ব জুটি পেলেও কেউই তাকে যোগ্য সহায়তা করতে পারেননি, কেউই পৌঁছাতে পারেননি ত্রিশের ঘরে। চার্লি ডিনের সঙ্গে স্কিভারের ৫৩ বলে দলীয় সর্বোচ্চ ৬৫ রানের জুটিটি আসে নবম উইকেটে। তাতে কিছুটা রোমাঞ্চ ছড়ালেও অজিদের চাপে ফেলা যায়নি। সতীর্থদের ব্যর্থতায় বিফলে যায় স্কিভারের বীরত্ব। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট করে নেন অ্যালানা কিং ও জেস জোনাসেন।