হেডিংলি টেস্টে নামার আগে শক্তি কমে গেল ইংল্যান্ডের
লর্ডসে ভারতের কাছে হেরে সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগে পেল খারাপ খবর। শঙ্কা সত্যি করে হেডিংলি টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন পেসার মার্ক উড।
সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি এক বিবৃতিতে উডের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে। তবে ডানহাতি এই পেসারের বদলে আপাতত নতুন কাউকে স্কোয়াডে যুক্ত করা হয়নি। উড ছিটকে যাওয়াই তাই অভিষেকের সম্ভাবনা বেড়েছে সাকিব মাহমুদের।
লর্ডসে ভারতের বিপক্ষে ১৫১ রানে হারে ইংল্যান্ড। এর আগে ট্রেন্টব্রিজে প্রথম টেস্ট হয় ড্র। পাঁচ ম্যাচের সিরিজে তাই এগিয়ে বিরাট কোহলির ভারত। লর্ডসে হেরে যাওয়া ম্যাচের চতুর্থ দিন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান উড। চোট নিয়েও দলের প্রয়োজনে তাকে পরের দিন বল করতে হয়েছে। এতে করে বেড়ে যায় ব্যথা।
ওই টেস্টের পরই শঙ্কায় পড়ে যায় উডের খেলা। এর আগে চোটের কারণে পুরো সিরিজ থেকে স্ট্যুয়ার্ট ব্রড ছিটকে যাওয়ায় এমনিতেই বিপাকে থাকা ইংল্যান্ড শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে উডের জন্য। তাকে রেখেই দেওয়া হয় হেডিংলি টেস্টের দল। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেননি তিনি।
উড না থাকায় জেমস অ্যান্ডারসন, অলি রবিনসন, স্যাম কারানের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে একাদশে থাকার লড়াইয়ে আছেন সাকিব মাহমুদ ও ক্রেইগ ওভারটন।
বুধবার শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট।