হেডের সেঞ্চুরি, গ্রিনের ফিফটিতে শুরুর বিপর্যয় কাটল অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের দুই পেসার অলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রড শুরুতেই কাঁপিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। ১২ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা ও স্টিভেন স্মিথকে হারানোর ধাক্কা এড়িয়ে জ্বলে উঠলেন একাদশে ফেরা ট্রাভিস হেড। মারনাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনকে তিনি নিয়ে গড়লেন দারুণ দুটি জুটি। সেই সঙ্গে তুলে নিলেন চলতি অ্যাশেজে দ্বিতীয় ও সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। পরে হাফসেঞ্চুরির দেখা পেলেন গ্রিনও। তাদের কল্যাণে সফরকারী ইংলিশদের পাল্টা জবাব দিল স্বাগতিক অজিরা।

শুক্রবার হোবার্টে গোলাপি বলের দিবারাত্রির টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টায় তোপ দাগে ইংল্যান্ড। কিন্তু সেই নিয়ন্ত্রণের লাগাম ধরে রাখতে পারেনি তারা। হেডের সেঞ্চুরির পর গ্রিনের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।

দিন শেষে টস হেরে ব্যাটিংয়ে নামা অজিরা প্রথম ইনিংসে তুলেছে ৬ উইকেটে ২৪১ রান। অ্যালেক্স ক্যারি ১০ ও মিচেল মার্শ শূন্য রানে ক্রিজে আছেন।

বৃষ্টির কারণে গোটা দিনে খেলা হতে পারে মাত্র ৫৯.৩ ওভার। সকালে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর শুরু হয় খেলা। এরপর তৃতীয় সেশনে মাত্র আট ওভার চলাকালে ফের বন্ধ হয়ে যায় ব্যাট-বলের লড়াই। পরে আম্পায়াররা দিনের খেলা শেষ হওয়ার ঘোষণা দেন।

সেঞ্চুরি ছোঁয়ার পরের বলেই হেড আউট হন ১০১ রানে। ১১৩ বলের দারুণ ইনিংসে তিনি মারেন ১২ চার। গ্রিন ১০৯ বলে ৮ চারের সাহায্যে করেন ৭৪ রান। এছাড়া, লাবুশেন খেলেন ৫৩ বলে ৪৪ রানের ইনিংস। তিনি মারেন ৯ চার। রবিনসন ২৪ রানে ও ব্রড ৪৮ রানে ২ উইকেট করে নেন।

উপযোগী কন্ডিশনে ষষ্ঠ ওভারেই অস্ট্রেলিয়াকে আঘাত করেন রবিনসন। স্লিপে জ্যাক ক্রলির হাতে তালুবন্দি হন ওয়ার্নার। ২২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

আগের টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানো খাওয়াজা ব্যাটিং অর্ডার পাল্টে ওপেনিংয়ে নেমে সুবিধা করতে ব্যর্থ হন। ২৬ বলে ৬ রান করে তিনি শিকার হন ব্রডের। স্লিপে তার ক্যাচ নেন ইংলিশ অধিনায়ক জো রুট।

ঠিক পরের ওভারেই ফের রবিনসন ও ক্রলির যুগলবন্দিতে বিদায় নেন স্মিথ। ২ বলে খেলে শূন্য করেন তিনি।

এরপর শুরু হয় লাবুশেন ও হেডের পাল্টা আক্রমণ। বলের সঙ্গে তাল মিলিয়ে রান আনতে থাকেন তারা। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে ৭১ রানের জুটি ভাঙেন ব্রড। শূন্য রানে জীবন পাওয়া লাবুশেন হন বোল্ড।

পঞ্চম উইকেটে জমে যায় হেড ও গ্রিনের জুটি। ৫৩ বলে ফিফটি স্পর্শ করা হেড সেঞ্চুরি পান ১১২ বলে। ক্রিস ওকসের বলে মিড-অনে ক্যাচ দিয়ে তিনি ফেরেন পরের বলেই। গ্রিনের সঙ্গে তার জুটি ছিল ১২১ রানের।

খেলা বন্ধ হওয়ার আগে ইংল্যান্ড আরেকবার উইকেটের উল্লাস করে। মার্ক উডকে পুল করতে গিয়ে গ্রিন ধরা পড়েন মিড-উইকেটে। তার ক্যাচটিও নেন ক্রলি।