অবসরের ইঙ্গিত দি মারিয়ারও

স্পোর্টস ডেস্ক

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। একইভাবে কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বলার আভাস দিলেন আনহেল দি মারিয়াও। তবে মেসির চেয়ে তার ইঙ্গিত অনেক বেশি স্পষ্ট।

শনিবার বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসে নিজেদের মাঠ লা বোম্বোনেরায় দাপুটে পারফরম্যান্সে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। নিকোলাস গঞ্জালেজ প্রথমার্ধে এগিয়ে নেন স্বাগতিকদের। বিরতির পর ব্যবধান বাড়ান বদলি নামা দি মারিয়া ও একাদশে ফেরা মেসি। এরপর দুজনের কণ্ঠেই শোনা যায় জাতীয় দল থেকে বিদায়ের সুর।

আগামী নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া কাতার বিশ্বকাপের আগে নিজেদের মাঠে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচটিই ছিল তাদের জন্য শেষ। ৫০ হাজারের বেশি দর্শকের সামনে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেওয়া পিএসজি উইঙ্গার দি মারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে লিখেছেন, 'আমি শুধু বলতে চাই, প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের (ভক্ত-সমর্থকদের) ধন্যবাদ। এই সুন্দর রাতে আমি যা কিছু অনুভব করেছি, সেসবের স্বপ্ন আমি সব সময় দেখতাম।'

'এই জার্সিতে আর্জেন্টিনার মাটিতে এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। এটা একটা অসাধারণ রাত (আর্জেন্টিনার স্থানীয় সময় অনুসারে) ছিল বললেও যেন কম হয়ে যায়। (ভক্ত-সমর্থকদের) ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।'

গণমাধ্যমের কাছে আর্জেন্টিনার জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা শুনিয়েছেন মেসিও, 'বিশ্বকাপের পর কী করব, তা আমি জানি না। সামনে কী ঘটতে পারে, তা নিয়ে ভাবছি আমি। কাতার (বিশ্বকাপের) পর অনেক কিছু নিয়েই আমাকে নতুন করে ভাবতে হবে।'