আগামী ৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু চূড়ান্ত
শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন মৌসুম। মৌসুম শুরুর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগামী চারটি আসরের ফাইনালের ভেন্যু নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। পাশাপাশি নির্ধারিত হয়েছে উয়েফা ইউরোপা লিগের ফাইনালের ভেন্যুও।
আগের দিন এক নির্বাহী সভায় ২০২৫ সাল পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতাগুলোর ফাইনাল কোন ভেন্যুতে হবে, তা নির্ধারণ করে উয়েফা। করোনাভাইরাসকে মাথায় রেখেই নির্ধারণ করা হয়ে ভেন্যু। নতুন মৌসুম অর্থাৎ ২০২১-২২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে।
মূলত ২০২১-২২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। তবে তিন বছর পিছিয়ে ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে এ শহরে।
করোনার প্রাদুর্ভাবে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আসরের শেষ দিকে এসে পরিবর্তন করা হয়ে। ইস্তাম্বুল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল লিসবনে। আর এ কারণে ২০২২-২৩ মৌসুমের ফাইনাল হবে ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী কামাল আতাতুর্ক স্টেডিয়ামে। পাশাপাশি আগামী দুই বছর চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও উয়েফা কনফারেন্স লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে ইস্তাম্বুলেই।
২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগ ফাইনাল নিয়ে কোনো পরিবর্তন আসেনি। ফাইনাল ম্যাচ যথারীতি হবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে। সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচও এ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ইউরোর ম্যাচ আয়োজনের কথা থাকলেও স্বাস্থ্যঝুঁকির কারণে আয়ারল্যান্ডের ডাবলিন কিংবা স্পেনের বিলবাওয়ে আয়োজন করা সম্ভব হয়নি। তাই এ শহর দুটি কিছু দায়িত্ব পেয়েছে। ২০২৩-২৪ ইউরোপা লিগের ফাইনাল হবে ডাবলিনে, একই বছরের নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও ইউরোপা লিগের ফাইনাল আয়োজন করবে স্পেনের বিলবাও।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালগুলোর ভেন্যু:
২০২১-২২: ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
২০২২-২৩: কামাল আতাতুর্ক স্টেডিয়াম, ইস্তাম্বুল, তুরস্ক
২০২৩-২৪: ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন, ইংল্যান্ড
২০২৪-২৫: আলিয়াঞ্জ অ্যারেনা, মিউনিখ, জার্মানি
উয়েফা ইউরোপা লিগের ফাইনালগুলোর ভেন্যু:
২০২১-২২: এস্তাদিও সানচেজ পিজুয়ান, সেভিয়া, স্পেন
২০২২-২৩: ফেরেঙ্ক পুসকাস অ্যারেনা, বুদাপেস্ট, হাঙ্গেরি
২০২৩-২৪: আভিভা স্টেডিয়াম, ডাবলিন, আয়ারল্যান্ড
২০২৪-২৫: সান মামেস স্টেডিয়াম, বিলবাও, স্পেন