আত্মতৃপ্তিতে ভোগা যাবে না, ব্রাজিল ম্যাচের আগে স্কালোনির বার্তা
টানা ২১ ম্যাচে অপরাজিত থেকে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তাদের ঝুলিতে রয়েছে গত জুলাইতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার মধুর স্মৃতিও। তবে সাম্প্রতিক পরিসংখ্যান ও অর্জন নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। শিষ্যদের উন্নতির ধারা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের মাঠে তারা জিতেছে ৩-১ গোলে। এবারের বাছাইয়ে এখনও হারের তিক্ত স্বাদ পাননি লিওনেল মেসিরা। সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে তাদের অর্জন ১৫ পয়েন্ট। তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।
বাছাইপর্বের শীর্ষে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সাত ম্যাচের সবকটিতে জেতায় তাদের সংগ্রহ পূর্ণ ২১ পয়েন্ট। আগামী রবিবার সাও পাওলোতে তাদের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবলপ্রেমীদের জন্য জিভে জল আনা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।
দল দারুণ ছন্দে থাকলেও ব্রাজিলের মাঠে খেলতে নামার আগে সতর্ক আর্জেন্টিনা কোচ স্কালোনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'বুকে চ্যাম্পিয়নের ব্যাজ থাকাটা খেলোয়াড়দের জন্য স্পেশাল কিছু। কোপা আমেরিকা জেতার জন্য তারা কঠিন লড়াই করেছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যা অর্জন করেছি তা নিয়ে আত্মতৃপ্তিতে না ভোগা।'
ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে কিছু ফাঁক-ফোকর দেখতে পেয়েছেন স্কালোনি। গোপন রাখলেও সেগুলো শুধরে পূর্ণ প্রস্তুতি নিয়ে নেইমার-কাসেমিরোদের বিপক্ষে নামতে চাইছেন তিনি, 'আমাদের অবশ্যই উন্নতি করতে হবে, কিন্তু আমি সেগুলো এখন বলব না। আমরা জিতি বা হারি না কেন, আমাদের সবসময় উন্নতি করতে হবে। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব।'
প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়া ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ প্রেরণা নিচ্ছেন কোপা আমেরিকার ফাইনাল থেকে, 'ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা হবে চমৎকার। এই ম্যাচটা অতুলনীয় এবং আমরা এটার জন্য সর্বোত্তম উপায়ে প্রস্তুত হওয়ার চেষ্টা করব। কোপা আমেরিকার ফাইনালে আমরা যেভাবে তাদের মোকাবিলা করেছিলাম, এবারও আমরা সেভাবেই তাদের মুখোমুখি হতে চেষ্টা করব।'