আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধের ভাবনা নেই ব্রাজিলের
নিজেদের মাটিতে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার শিরোপা হারাতে হয়েছে ব্রাজিলকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেই আঘাতের প্রতিশোধ নেবে সেলেসাওরা? দলটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা জানালেন, এমন কোনো ভাবনা তাদের মাথায় নেই।
রবিবার সাও পাওলোর করিন্থিয়ান্স স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।
গত জুলাইতে ২৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয় আর্জেন্টিনার। রিও দি জানেইরোতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে নেইমারদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেন লিওনেল মেসিরা। ১৯৯৩ সালের পর এটাই আলবিসেলেস্তেদের প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা। ম্যাচের প্রথমার্ধে জয়সূচক গোলটি এসেছিল আনহেল দি মারিয়ার পা থেকে।
দুই মাস পর দুই দল যখন ফের পরস্পরকে মোকাবিলা করতে যাচ্ছে, তার আগে স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা বারবোসা উড়িয়ে দিয়েছেন প্রতিশোধ নেওয়ার বিষয়টি। তার মতে, ওই হারটি এখন কেবলই অতীত।
'এটা বাছাইপর্বের ম্যাচ। আমরা ভালো করেছি। আরও একটা ম্যাচ জিতে এসেছি আমরা। অবশ্যই কোপা আমেরিকার ফাইনালে হারায় আমরা কষ্ট পেয়েছি। কিন্তু এটা একটা নতুন মুহূর্ত।'
বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সাত ম্যাচের সবকটিতে জেতায় তাদের সংগ্রহ পূর্ণ ২১ পয়েন্ট। অপরাজিত রয়েছে আর্জেন্টিনাও। সমান সংখ্যক ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে।
তুলনামূলক খর্বশক্তির দল নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে নামতে যাচ্ছে ব্রাজিল। ইংল্যান্ডের কোয়ারেন্টিন আইনের বাধ্যবাধকতার জন্য প্রিমিয়ার লিগের অনেক ক্লাবই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের জন্য খেলোয়াড় ছাড়েনি। ফলে নয় জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাননি কোচ তিতে।
ওই খেলোয়াড়রা হলেন গোলরক্ষক অ্যালিসন, মিডফিল্ডার ফাবিনহো ও ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো (লিভারপুল), গোলরক্ষক এদারসন ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ডিফেন্ডার থিয়াগো সিলভা (চেলসি), মিডফিল্ডার ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফরোয়ার্ড রিচার্লিসন (এভারটন) এবং ফরোয়ার্ড রাফিনহা (লিডস ইউনাইটেড)।