ইতালির পেনাল্টি মিস সারাজীবন তাড়া করবে জর্জিনহোকে

স্পোর্টস ডেস্ক

একের পর এক আক্রমণ করেও উত্তর মেসিডোনিয়ার রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি ইতালি। উল্টো শেষ মুহূর্তে গোল হজম করে বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই বিদায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে কাঠগড়ায় এ ম্যাচের ব্যর্থতা নয়, উঠে আসছে গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে করা দুটি পেনাল্টি মিস। সেই দুটির অন্তত একটিও যদি গোল হতো তাহলে আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত আজ্জুরিদের।

বিশ্বকাপ বাছাই পর্বে এবার সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই ড্র করেছে ইতালি। এ দুটি ম্যাচেই জিততে পারতো তারা। দুই ম্যাচেই একটি করে পেনাল্টি পেয়েছিল দলটি। কিন্তু অবিশ্বাস্যভাবে দুটি পেনাল্টিই মিস করেন জর্জিনহো। আর সেই ভুলের খেসারৎ বিশ্বকাপে দর্শক হয়ে দিতে হচ্ছে তাদের। এমন ভুলের পর কীভাবে ঘুম আসবেন জর্জিনহো? সারাজীবনই এ দুঃখ বয়ে বেড়াতে হবে বলেই মনে করেন এ চেলসি মিডফিল্ডার।

২০২২ কাটার বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর ম্যাচ শেষ জর্জিনহোর সরল স্বীকারোক্তি, সেই দুটি পেনাল্টি মিস 'আমাকে সারা জীবন তাড়িত করবে।'

সুইজারল্যান্ডের বিপক্ষে নেওয়ার জর্জিনহোর প্রথম স্পটকিকটি ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়ান সোমার। এরপর ফিরতি লেগের ম্যাচে নেওয়া তার শট লক্ষ্যেই থাকেনি। উড়িয়ে মেরে নষ্ট করেন সুবর্ণ সুযোগ। সে মিসের জেরে তাদের খেলতে হয় প্লে অফ। ইতালি গ্রুপে দ্বিতীয় হয় এবং গত কাল তারা প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে।

ম্যাচ শেষে হতাশাই ঝড়ে জর্জিনহো কণ্ঠে। আরএআই স্পোর্টকে তিনি বলেন, 'যখন আমি এ নিয়ে চিন্তা করি তখন অনেক কষ্ট হয়। কারণ আমি এখনও এটা নিয়ে ভাবি এবং এটা আমাকে সারা জীবন তাড়িত করবে। সেখানে দুবার পা রাখা এবং আপনার দল এবং আপনার দেশকে সাহায্য করতে না পারা এমন একটি বিষয় যা আমি আমার সঙ্গে চিরকাল বহন করব এবং এটি আমার উপর চেপে থাকবে। মানুষ বলে আমাদের মাথা তুলতে হবে এবং চালিয়ে যেতে হবে, কিন্তু এটা কঠিন।'

এভাবে বিদায় নিয়েছেন তা যেন বিশ্বাসই করতে পারছেন না এ চেলসি তারকা, 'কী ঘটেছে তা ব্যাখ্যা করা কঠিন। এটা এত কষ্ট দিচ্ছে। সত্যি বলতে কি আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি মনে করি না আমাদের সৃজনশীলতার অভাব ছিল, কারণ আমরা সবসময় ম্যাচে আধিপত্য বিস্তার করেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। দুর্ভাগ্যবশত, আমরা সেগুলো ফিনিশিং দিতে পারিনি।'

'আমরা ভালো ফুটবল খেলেছি, গত গ্রীষ্মে আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছি, কিন্তু দুর্ভাগ্যবশত গত কয়েকটি খেলায় আমরা ছোটখাটো ভুল করেছি এবং সেগুলো থেকে বের হয়ে আসতে পারিনি। তারা পার্থক্য তৈরি করেছে।' - যোগ করেন জর্জিনহো।