উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ে ডি ব্রুইন, কান্তে ও জর্জিনহো
২০২০-২১ মৌসুমের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় বেছে নিতে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। সেখানে স্থান পেয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন এবং চেলসির এনগোলো কান্তে ও জর্জিনহো।
বৃহস্পতিবার ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, আগামী ২৬ অগাস্ট ইস্তানবুলে ঘোষণা করা হবে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের নাম। সেদিন ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা নারী খেলোয়াড়, পুরুষ দলের বর্ষসেরা কোচ ও নারী দলের বর্ষসেরা কোচের নামও প্রকাশ করা হবে।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি কোনো ফরোয়ার্ড। জয়ের লড়াইয়ে থাকা তিনজনই হলেন মিডফিল্ডার। পুরস্কারটির ১১ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটল প্রথমবার।
গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। ওই ম্যাচে ম্যান সিটির হয়ে খেলেছিলেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন এবং চেলসির জার্সিতে অংশ নিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার কান্তে ও ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।
সেরা দশের বাকিরা হলেন যথাক্রমে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি (১৪৮ ভোট), বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি (১৪০ পয়েন্ট), পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা (৪৯ পয়েন্ট), পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে (৩১ পয়েন্ট), ম্যান সিটির ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং (১৮ পয়েন্ট), জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো (১৬ পয়েন্ট) ও বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার এর্লিং হালান্ড (১৫ পয়েন্ট)।
আগেরবার উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন লেভানদভস্কি। এবারও তালিকায় থাকা ডি ব্রুইন পেয়েছিলেন দ্বিতীয় স্থান। কন্তে ও জর্জিনহো প্রথমবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন।
সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে কোচ-সাংবাদিকদের প্রদত্ত পয়েন্টের ভিত্তিতে। জুরি বোর্ডে ছিলেন সবশেষ ইউরোতে অংশ নেওয়া ২৪টি জাতীয় দলের কোচ, গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা ৮০টি ক্লাবের কোচ এবং উয়েফার ৫৫টি সদস্য দেশের একজন করে সাংবাদিক।
পুরুষ দলের সেরা কোচ বেছে নিতে তিনজনের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা, সেখানে আছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা, চেলসির জার্মান কোচ টমাস টুখেল ও ইতালি জাতীয় দলের কোচ রবার্তো মানচিনি।