'এভাবে ঘুরে দাঁড়ানো কেবল রিয়াল মাদ্রিদের পক্ষেই সম্ভব'

স্পোর্টস ডেস্ক

ম্যাচের ২৫ মিনিটের মধ্যে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ওই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো যেকোনো দলের পক্ষেই ভীষণ কঠিন। তাছাড়া, লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ সেভিয়া ছিল স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে নিজেদের মাঠে অপরাজিত। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখল রিয়াল। সেভিয়ার বিপক্ষে স্মরণীয় জয়ের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গাইলেন ক্লাবের জয়গান।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে লিগের শীর্ষে থাকা রিয়াল। সেভিয়াকে অসাধারণ এক ফলের স্বপ্ন দেখাচ্ছিল ইভান রাকিতিচ ও এরিক লামেলার লক্ষ্যভেদ। তবে বিরতির পর পাল্টে যায় চিত্র। দুই বদলি রদ্রিগো ও নাচো ফার্নান্দেজ সমতায় ফেরান সফরকারীদের। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের নায়ক হিসেবে আবির্ভূত হন ফর্মের তুঙ্গে থাকা করিম বেনজেমা। তার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

সেভিয়ার বিপক্ষে শুরুর একাদশে জায়গা মেলেনি রদ্রিগোর। দ্বিতীয়ার্ধে তাকে বদলি হিসেবে মাঠে নামান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। গুরুর আস্থার প্রতিদান দারুণভাবে দেন তিনি। ম্যাচের ৫০তম মিনিটে রিয়ালের প্রথম গোলটি করার পর বেনজেমার জয়সূচক লক্ষ্যভেদেও সহায়তা করেন।

ম্যাচের পর রদ্রিগো জানিয়েছেন নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা, 'আমরা জানতাম যে এটা কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে আমি খুশি কারণ দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পেরেছি এবং দলকে সাহায্য করতে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছি।'

তার মতে, লিগে আগের ১৫ ম্যাচে ঘরের মাঠে না হারা সেভিয়াকে বধ করে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে রিয়াল, 'আমাদের এই তিন পয়েন্টকে মূল্য দিতে হবে কারণ অন্য কেউই এখানে এসে জিততে পারেনি। কিন্তু আমরা তা করে দেখিয়েছি। এই তিন পয়েন্ট আমাদেরকে লা লিগার শিরোপা জেতার লক্ষ্য অর্জনের আরও কাছে নিয়ে গেছে।'

বিভিন্ন প্রতিযোগিতায় সাম্প্রতিক ম্যাচগুলোতে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেওয়ার নজির দেখিয়ে চলেছে রিয়াল। রদ্রিগো এটিকে কেবল তাদের একার অনুপম বৈশিষ্ট্য হিসেবে দেখছেন, 'এই ধরনের কাজ কেবল রিয়াল মাদ্রিদের পক্ষেই সম্ভব। আমি এই দলের এবং এভাবে ঘুরে দাঁড়ানোর অংশ হতে পেরে ভীষণ গর্বিত।'

৩২ ম্যাচে লা লিগার পয়েন্ট তালিকায় একে থাকা রিয়ালের পয়েন্ট ৭৫। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সেভিয়ার অবস্থান তিনে। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্টও ৬০। গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা রয়েছে দুই নম্বরে।