এমন জয় প্রত্যাশা করেননি জাভিও
সেই ২০১৯ সালের মার্চে ছিল সবশেষ জয়। এরপর টানা পাঁচটি এল ক্লাসিকো হেরেছে বার্সেলোনা। সেই বার্সেলোনাই আগের দিন রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলেখেলা খেলল। রীতিমতো তাদের উড়িয়ে দিয়ে টানা ১২টি ম্যাচ অপরাজিত কাতালানরা। অথচ দল এতোটা ভালো করতে পারে তা নিজেও ভাবেননি কোচ জাভি হার্নান্দেজ।
অবশ্য বার্সেলোনার বদলে যাওয়ার শুরু জাভির হাট ধরেই। লিওনেল মেসি দল ছাড়ার পর দল যখন একের পর এক হোঁচটে বিধ্বস্ত, তখনই দলটির দায়িত্ব নেন এ স্প্যানিশ। এরপর ধীরে ধীরে দলকে গুছিয়ে নেন। জানুয়ারির ট্রান্সফারে নতুন কিছু খেলোয়াড় পাওয়ার পর যেন উড়ন্ত ছন্দে চলে আসে দলটি।
সে ধারায় রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের ব্যবধানে হারায় বার্সেলোনা। নিজের প্রথম এল ক্লাসিকো ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। একটি করে গোল পেয়েছেন ফেরান তোরেস ও রোনালদ আরাহো। দুটি গোলের যোগানদাতা উসমান দেম্বেলে।
তবে এমন ফলাফলে দারুণ খুশি হলেও কিছুটা বিস্মিত জাভি, 'আমরা এমন ফল পেতে কঠোর পরিশ্রম করেছি। তবে তাদের স্টেডিয়ামে এসে এভাবে দাপট দেখাব এতটা আমরাও আশা করিনি। আমরা আরও বেশি লড়াই আশা করেছিলাম। তবে আমি খুব খুশি।'
এ জয়ের সঙ্গে ২০০৯ সালে বার্নাব্যুতে পেপ গার্দিওলার অধীনে খেলোয়াড় থাকাকালীন জয়ের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। সেবার রিয়ালকে তাদের মাঠে ৬-২ গোলে বিধ্বস্ত করে মেসি-জাভি-ইনিয়েস্তারা। জাভিরও মনে করছেন এমনটাই, 'তুলনাটা করাই যায়। গোল আর খেলায় নিয়ন্ত্রণের হিসাবে বলতে পারি আমরা অনেক এগিয়ে ছিলাম। আমরা চওড়া হাসি নিয়ে ফিরছি।'
তবে রিয়ালের বিপক্ষে এমন দুর্দান্ত জয়েও আত্মতুষ্টিতে ভুগছেন না জাভি। এখনই লিগের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছেন বার্সা কোচ, 'আমরা কাজ করে যেতে চাই। এই জয়ে কোনো শিরোপা তো আসছে না! আমাদের বিনয়ী থাকতে হবে। আমরা আজ উদযাপন করছি, কিন্তু এরপর বিশ্রাম নিতে হবে, সেভিয়ার ব্যাপারে ভাবতে হবে।'
রিয়ালের বিপক্ষে বড় জয় পেলেও লিগ জেতার আশা করছেন না জাভি। আপাতত আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই মূল লক্ষ্য তার, 'আমার মনে করি না এই জয়ে লা লিগা জয়ের পথে আমরা এগিয়ে গেছি। তবে দারুণ প্রেরণা পেয়েছি। প্রথমত আমাদের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে হবে, এরপর দেখা যাবে। এই জয়ে আমাদের প্রকল্পর শক্তি বাড়ল। এখনো কোনো লক্ষ্য তো অর্জিত হয়নি। আমাদের এগিয়ে যেতে হবে।'