এমন হারের দায় কাঁধে তুলে নিলেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সঙ্গে লড়াইগুলো একচ্ছত্র আধিপত্য রেখেই জিতেছে রিয়াল মাদ্রিদ। শেষ পাঁচটি এল ক্লাসিকোতেই জয়। সেখানে আগের দিন কি-না বার্সার কাছে পাত্তাই পেল না তারা। তাও আবার নিজেদের মাঠে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নাস্তানুবাদ হওয়ার পর সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লা লিগার ম্যাচে বার্সেলোনার সঙ্গে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল। নিজের প্রথম এল ক্লাসিকো ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল পেয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। একটি করে গোল পেয়েছেন ফেরান তোরেস ও রোনালদ আরাহো। দুটি গোলের যোগানদাতা উসমান দেম্বেলে।

অবশ্য নিজেদের সেরা তারকা করিম বেনজেমাকে ছাড়া খেলতে নামে রিয়াল। তাকে ছাড়া অ্যাটাকিং থার্ডে গিয়েই যেন খেই হারিয়ে ফেলে দলটি। আক্রমণে ছিল না কোনো ধার। তবে কোনো কিছুই অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না কোচ আনচেলত্তি।

মূলত হারের চেয়ে ম্যাচে নিজেদের পরিস্থিতি দেখেই বিশ্বাস করতে পারছেন না আনচেলত্তি। বার্সা ফরোয়ার্ডরা আরেকটু নিখুঁত হলে ব্যবধানটা দ্বিগুণও হতে পারতো। ম্যাচ হারের দায় কাঁধে নিয়ে ইতালিয়ান কোচ বলেন, 'খেলা দেখে আমাদের চেনাই যায়নি। সবকিছু ভুল হয়েছে। আমি খেলোয়াড়দের বলেছি, আমারই ভুল হয়েছে। যদিও লিগে এখনো আমরা বেশ বড় ব্যবধানে এগিয়ে আছি।'

তবে এমন হারটা তারা হেরেছে বার্সেলোনার কাছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল। স্বাভাবিকভাবেই এভাবে বিধ্বস্ত হওয়া পোড়াচ্ছে আনচেলত্তিকেও, 'আমি বুঝতে পারছি না। তবে আমি কোনো অজুহাতের মধ্যে যাচ্ছি না। আমরা ম্যাচে খুবই বাজে খেলেছি। ম্যাচে আমাদের এপ্রোচও ছিল খুব বাজে। হারের জন্য আমি খুবই দুঃখিত। সমর্থকদের জন্যও দুঃখিত।'

লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রিয়াল। বার্সেলোনার চেয়ে এগিয়ে ১২ পয়েন্টে। বড় কোনো দুর্ঘটনা না হলে শিরোপা যাচ্ছে রিয়ালের ঘরেই। তবে এখন নয় রাউন্ড বাকি রয়েছে আসরের। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের আসরের টিকে আছে রিয়াল।

তাই এ হারের কথা ভুলে দ্রুতই নিজেদের গুছিয়ে নিতে চান এ কোচ। নিজেরা কক্ষপথে আছেন বলেই দাবি করেন তিনি, 'আমাদের নিজেদের শক্তি ফিরে পেতে হবে এবং শিরোপা জিততে শেষ দুই মাস প্রস্তুত থাকতে হবে। আমরা যা করতে চাই তা হয়তো করতে পারবো। নয় পয়েন্টে এগিয়ে আছি এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলছি।'