'এমবাপেকে পেলে দ্বিগুণ ব্যবধানে জয় পাবে রিয়াল'

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমটা এখন পর্যন্ত দারুণই কাটছে রিয়াল মাদ্রিদের। বড় কোনো অঘটন না হলে লা লিগা জিততে যাচ্ছে তারাই। পিএসজির মতো জায়ান্ট দলকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগেও কক্ষপথে রয়েছে দলটি। তবে দলে কিলিয়ান এমবাপে আসলে কাজটা আরও সহজ হয়ে যাবে বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা করিম বেনজেমা। তখন প্রতিপক্ষকে আরও বড় ব্যবধানে হারাতে পারবেন বলেই মনে করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ১৭ মিনিটের ঝড়ে পিএসজিকে বিধ্বস্ত করে ৩-১ ব্যবধানে জিতে নেয় রিয়াল। অথচ শুরুতেই এমবাপের গোলে পিছিয়ে ছিল দলটি। আগের লেগেও এ ফরাসির গোলেই পিছিয়ে ছিল তারা। তবে এমবাপে যদি রিয়ালে আসেন তাহলে নিজেদের জয়ের ব্যবধানটা দ্বিগুণ এমনকি তিনগুনও হতে পারে বলে মনে করেন বেনজেমা। অর্থাৎ যে ম্যাচ তারা দুই গোলের ব্যবধানে জিতছেন সেটা তারা তখন জিতবেন চার গোলের ব্যবধানে কিংবা আরও বেশি।

তবে আসি আসি করেই এখনও পর্যন্ত প্যারিসেই আছেন এমবাপে। কদিন আগেও আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটা করেই লেখা হয়েছিল রিয়ালের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন এমবাপে। অথচ আগের দিনও পিএসজিতে থেকে যাওয়ার সম্ভাবনার কথা বলেছেন এ তরুণ। তাতে গুঞ্জন প্রতিনিয়তই বাড়ছে।

তবে এমবাপের সঙ্গে ক্লাব পর্যায়েও খেলার জন্য মুখিয়ে আছেন বেনজেমা, 'আমি তার (এমবাপে) সঙ্গে জাতীয় দলে খেলতে পছন্দ করি এবং আমি তার সঙ্গে ক্লাব পর্যায়েও একত্রে খেলতে চাই। আমি বিশ্বাস করি এমনটা হলে আমরা আগের চেয়ে দ্বিগুণ গোল দিতে পারবো, এমনকি এটা তিন গুণও হতে পারে। জাতীয় দলের আমাদের মধ্যকার যোগাযোগটা দুর্দান্ত কারণ আমরা দুইজনই জানি অপর জন কি করবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা দুইজনই বাঁ দিকে যেতে পছন্দ করি তবে কখনোই সেখানে আমরা একত্রে যাব না।'

এদিকে আগামীকালই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির মোকাবেলা করবে রিয়াল। গত মৌসুমে এ দলটির কাছে হেরেই সেমি থেকে বিদায় নিয়েছিল তারা। তবে বর্তমান সময়ের ছন্দ অনুযায়ী এবার ফেভারিট রিয়াল। যদিও এমনটা মানতে নারাজ বেনজেমা, 'এখানে কেউ ফেভারিট না। দেখেন পিএসজি ম্যাচের আগে প্রথম লেগে আমরা ফেভারিট ছিলাম, হয়তো। কিন্তু দ্বিতীয় লেগে পিএসজি পরিষ্কারভাবে ফেভারিট ছিল। তার মানে এসব কিছুই না। চেলসি খুব ভালো একটি দল। আমরা সেখানে যাব ভালো একটি ফলাফলের জন্য।'