এমবাপে মাদ্রিদে শুনে 'অসুস্থ' হয়ে পড়েছিলেন ভেরাত্তি

স্পোর্টস ডেস্ক

হুট করেই কিছু দিন আগে মাদ্রিদে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। মূলত ছুটি কাটাতে গেলেও এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ফুটবল মহলে। সে গুঞ্জন নজর কাড়ে পিএসজির আরেক তারকা খেলোয়াড় মার্কো ভেরাত্তিরও। আর তা দেখে 'অসুস্থ' হয়ে পড়েছিলেন এ ইতালিয়ান মিডফিল্ডার।

অবশ্য গত কয়েক মৌসুমে ধরেই এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন চড়া। এমনকি পরোক্ষভাবে কয়েক দফা সে ক্লাবটিতে খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে রিয়ালও তাকে পেতে মরিয়া। যদিও এখন পর্যন্ত প্যারিসেই আছেন এমবাপে। তবে আগামী মাসের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন এ ফরাসি তরুণ।

আগামী মৌসুমে কোন ক্লাবের হয়ে খেলবেন এমবাপে? এ নিয়ে ব্যাপক আলোচনা ফুটবল পাড়ায়। মূল আলোচনাটা অবশ্য রিয়ালকে নিয়েই। অন্যসব দলের গুঞ্জন নিজেই প্রায় থামিয়ে দিয়েছেন এ তরুণ। পিএসজি অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে ধরে রাখার।

শেষ পর্যন্ত যদি এমবাপে দল ছেড়েই দেন তাহলে তাকে ক্লাব মিস করবে বলেই মনে করেন ভেরাত্তি, 'ওর সিদ্ধান্ত যাই হোক না কেন, ক্লাবে এর প্রভাব পড়বে। ও এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তাই আমরা সবাই চাই ও এখানে থাকুক। কিন্তু আমি যখন ওর সঙ্গে কথা বলি, তখন শুধু হাসতে হয়।'

শেষ পর্যন্ত মূল সিদ্ধান্ত এ তরুণই নিবেন বলে মনে করেন এ মিডফিল্ডার। আর সে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন ভেরাত্তিও, 'ফুটবলে, যখন আপনার মাথায় কিছু থাকে, যদি কোনো সিদ্ধান্ত আসে, আপনি এটি সম্পর্কে কথা বলবেন না। এটা তার সিদ্ধান্ত, এবং আমিও আপনার মতো এর জন্য অপেক্ষা করছি।'

তবে এমবাপের মাদ্রিদে যাওয়ার কথা শুনে স্বস্তি বোধ করতে পারেননি এ মিডফিল্ডার, 'যখন আমি আমার ছুটিতে ছিলাম এবং আমি একটি বিজ্ঞপ্তি দেখেছিলাম যে কিলিয়ান মাদ্রিদে আছে, এটি আমাকে অসুস্থ করে তুলেছিল (হাসি)। যদিও পরে ও আমাকে বলেছিল: 'চিন্তা কর না, আমি ছুটিতে ছিলাম'। আমরা সবাই কিছু খুঁজে বের করার জন্য অপেক্ষা করছি।'

ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য এমবাপেকে কোনো পরামর্শ দিবেন কি-না জানতে চাইলে এ ইতালিয়ান বলেন, 'না, কারণ সে জানে আমি কী ভাবছি। আমি ভালো উপদেষ্টাও নই, যে কোনও ক্ষেত্রেই একটি উদ্দেশ্যমূলক নয়। আমি ওর নিজের ভালোর কথা ভাববো না, কিন্তু প্যারিসে এখানে সবার ভালোর কথা ভাববো।'