আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি বাড়িতে হামলা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার পৃথক ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে পাঠানো দুটি পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, শ্যামলী হাউজিংয়ের বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে এবং চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী বাড়ির মালিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল লোক রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে শ্যামলী হাউজিংয়ের ৬ নম্বর সড়কের ৪১ ও ৪২ নম্বর প্লটে অবস্থিত ওই বহুতল ভবনে হামলা চালায়। এর আগে প্রায় দেড় বছর ধরে এই একই গ্রুপ ভবনটি দখল করে রেখেছিল। গত মার্চ মাসে পুলিশ ওই গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তার করে এবং মালিককে ভবনের দখল বুঝিয়ে দিয়েছিল।
হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনের ভেতরের লোকজন গেট খুলতে অস্বীকৃতি জানালে মুখোশধারী কয়েকজন রামদা ও ইট দিয়ে মূল ফটক ও জানালায় ভাঙচুর চালায়।
পরে এ ঘটনায় খুরশিদ আলম খানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে আদাবর থানায় মামলা করেন বাড়ির মালিক।
অন্যদিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে শনিবার সকাল ১০টার দিকে কয়েক শ লোক একটি প্লটে ঢুকে ভাঙচুর, নগদ টাকা ও যন্ত্রপাতি লুট করার পর জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলে।
পুলিশ ও বিরোধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি দাবির জেরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় পুলিশ প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করে।
