কমিউনিটি শিল্ড জিতে আর্নল্ড বললেন ‘আমরা প্রস্তুত’
ম্যানচেস্টার সিটির সঙ্গে পেরে না উঠে গেলবার খুব কাছে গিয়েও লিগ শিরোপা জেতা হয়নি লিভারপুলের। সেই সিটিকে নতুন মৌসুমের শুরুতেই ধরাশায়ী করল তারা। পেপ গার্দিওয়ালার দলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জেতার পর ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড জানান দিলেন, আসছে মৌসুমের জন্য প্রস্তুত তারা।
শনিবার রাতে লেস্টার সিটিং কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যানসিটিকে ৩-১ গোলে হারায় লিভারপুল।
১৬ বছর পর ১৬তম বারের মতো তাতে নিশ্চিত করে কমিউনিটি শিল্ডের শিরোপা। ইংলিশ মৌসুম শুরুর আগের এই আসরে সর্বোচ্চ ২১বার শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের মতো ১৬ শিরোপা আছে আর্সেনালেরও।
শনিবার দলের জয়ে প্রথম গোলটি করেন আর্নল্ড। আলভারেস সিটির হয়ে সমতা আনার পর মোহামেদ সালাহ এগিয়ে দেন অল রেডসদের। শেষ দিকে দারুইন নুনেসের লক্ষ্যভেদে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এই ম্যাচ শেষে টুইটারে উদযাপনের একটি ছবি পোস্ট করেন আর্নল্ড। তিনি লিখেছেন, 'আমরা প্রস্তুত, আগামী সপ্তাহে দেখা হবে রেডস।'
আগামী শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। গতবারে শিরোপা না জেতার কষ্ট ভুলতে নতুন মৌসুমে নতুন আদলে নামতে যাচ্ছে তারা।
টানটান উত্তেজনার সর্বশেষ লিগে ম্যানচেস্টার সিটির চেয়ে স্রেফ এক পয়েন্ট পিছিয়ে রানার্সআপ হয়েছিল লিভারপুল। সেই সিটিকে এবার মৌসুমের শুরুতে হারানোটা নিশ্চিতভাবেই শক্তি যোগাবে ক্লপের দলকে।